
রাজধানীতে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট তাণ্ডবের দুই মাস পরও কোনো মামলার অভিযোগপত্র দেয়নি পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্র জানিয়েছে, ‘জনপ্রিয়তা’ হারানোর ভয়ে সরকার এ ক্ষেত্রে ‘ধীরে চলো নীতি’ অনুসরণ করবে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সরকার মনে করে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের পেছনে হেফাজতে ইসলাম ইস্যুটি ক্ষমতাসীনদের বিপক্ষে গেছে। নির্বাচনের আগে হেফাজতে ইসলামের সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বুঝিয়েছেন, সরকার ৫ মে রাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আর তিন দিন বাকি। এ অবস্থায় সরকার ‘ধীরে চলো নীতি’ অনুসরণ করবে। গত ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংগঠিত তাণ্ডবে ১২ জন নিহত ও দেড় হাজারের মতো মানুষ আহত হন। এর পাশাপাশি আগুন ও ভাঙচুরের ঘটনায় কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়।
জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার পর্যন্ত হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে যেসব সহিংস ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে কোনো তদন্ত কমিটি গঠন করেনি। অথচ ঘটনার পরদিন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
ঘটনার পাঁচ দিন পর ১০ মে অতিরিক্ত সচিব মাঈনুদ্দিন খন্দকারের স্বাক্ষরিত একটি প্রেসনোট জারি করে মন্ত্রণালয়। এর বাইরে আর কোনো উদ্যোগের কথা জানা যায়নি।
স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুশতাক আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীজুড়ে যে তাণ্ডব চলেছে, তার সবই ছিল আমলযোগ্য অপরাধ। অপরাধী শনাক্ত করার দায়িত্ব পুলিশের। গোটা বিশ্বে পুলিশ এ ধরনের ঘটনায় যা করে, বাংলাদেশেও তা-ই করছে। তদন্ত চলছে, অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
তবে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে কাউকে কাউকে আমরা গ্রেপ্তার করেছি এবং মামলাগুলো তদন্ত করে দেখেছি।’

সূত্র বলছে, ৫ মের ঘটনায় করা মামলার আসামিরা ও মাওলানা জুনায়েদ বাবুনগরী গোয়েন্দা পুলিশের কাছে যে বক্তব্য দিয়েছেন, তার ভিত্তিতে আসামি শনাক্তের চেষ্টা করা হবে। সে সময় মহানগর গোয়েন্দা পুলিশ জুনায়েদ বাবুনগরীকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমকে জানায়, ১৮-দলীয় জোটের শরিকেরা হেফাজতের সমাবেশের নিয়ন্ত্রণ নিয়েছিল। আর বায়তুল মোকাররমের সামনে ধ্বংসযজ্ঞ চালান জামায়াত-শিবিরের কর্মীরা।উল্লেখ্য, এজাহারে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের পাশাপাশি বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও নাম রয়েছে। এজাহারভুক্ত আসামি ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া প্রথম আলো ডটকমকে বলেন, হেফাজতে ইসলামের সমাবেশের দিনে সহিংসতার অভিযোগে তাঁদের অন্তত এক ডজন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় জড়িয়ে পুলিশ তাঁদের হয়রানি করছে।
হয়রানির অভিযোগ বিএনপি নেতাদের: গত ৫ মে গভীর রাতে শাপলা চত্ব্বরে পুলিশ, র্যাব ও বিজিবির অভিযান চলে। সেখানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ফটোসাংবাদিকেরা উপস্থিত ছিলেন। দিনভর মতিঝিলের শাপলা চত্ব্বর ও এর আশপাশের এলাকায় ভাঙচুর, গাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগ, গাছ কাটাসহ সহিংসতার ভিডিও ফুটেজ রয়েছে। প্রধানমন্ত্রী গত শনিবার সংসদে বলেন, ওই দিন কারা পবিত্র কোরআন শরিফে আগুন লাগিয়েছে, বায়তুল মোকাররমের সামনে ভাঙচুর করেছে, সেসব ফুটেজ আছে সরকারের হাতে। জিনসের ওপর আলখাল্লা পরা লোকজনকে নানা সহিংস তত্পরতায় যুক্ত থাকতে দেখা গেছে।

অন্যদিকে ঘটনার পরপরই সহিংসতার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে অভিযোগ তোলে বিরোধী দল। তাণ্ডবে ইন্ধন জোগানোয় প্রধান দুটি দল এখনো পরস্পরকে দোষারোপ করছে। এর মধ্যে মাওলানা শাহ আহমদ শফী ১৩ মে এক সংবাদ বিবৃতিতে সহিংসতায় লিপ্ত থাকা লোকজনের ছবি থাকা সত্ত্বেও কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, সে প্রশ্ন তোলেন। ওই দিনকার ঘটনায় ঢাকা সিটি করপোরেশন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, ইসলামিক ফাউন্ডেশন, জাতীয় ক্রীড়া পরিষদসহ বেশ কিছু প্রতিষ্ঠান তাদের ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে মতিঝিল থানায় মামলা করে। সাধারণ মানুষও মামলা করেছিলেন। তাঁঁদের একজন মো. রেজাউল করিম। পল্টন মডেল থানায় করা মামলায় তিনি অভিযোগ করেন, তাঁর স্ত্রীর ভাই মো. নাহিদকে ৫ মে সন্ধ্যা ছয়টা নাগাদ বায়তুল মোকাররম লিংক রোডের দক্ষিণ মাথায় হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এলোপাতাড়ি মারধর করে হত্যা করেন। মুঠোফোনে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, আজ পর্যন্ত হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কিছু জানতে পারেননি। পুলিশ তাঁকে কিছু জানায়নি। কেউ গ্রেপ্তার হয়েছে কি না, তা-ও তিনি জানেন না।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বি এম ফরমান আলী এ প্রসঙ্গে বলেন, ওই থানায় করা কোনো মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি। কবে দেওয়া হবে বলা যাচ্ছে না।
