ধীরে ধীরে কমছে নদীর সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলাপাড়ার পানি জাদুঘর প্রাঙ্গণে ‌‌‘জল ও জনতন্ত্র সম্মেলন’–এ গতকাল বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ l প্রথম আলো
কলাপাড়ার পানি জাদুঘর প্রাঙ্গণে ‌‌‘জল ও জনতন্ত্র সম্মেলন’–এ গতকাল বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ l প্রথম আলো

মানুষের অমানবিক কাজের ফলে নাব্যতা হারাচ্ছে নদী। ফলে ধীরে ধীরে নদীর সংখ্যা কমে যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ৭০০ নদী-উপনদী রয়েছে। শত বছর আগে এই সংখ্যা প্রায় দ্বিগুণ ছিল। এর সঙ্গে যুক্ত হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব।

মানব অধিকারভিত্তিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে পানির ন্যায্যতা ও জনগণকেন্দ্রিক ব্যবস্থাপনা নিয়ে ‘জল ও জনতন্ত্র’ সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে বক্তারা এসব মন্তব্য করেন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা বাজার-সংলগ্ন পানি জাদুঘর প্রাঙ্গণে সম্মেলনের অংশগ্রহণকারীরা বলেন, নদীর উন্নয়নে তৃণমূলের জ্ঞান কাজে লাগাতেই হবে। পাশাপাশি তরুণদের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে নদীর অধিকার, পানির অধিকার ও সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই বক্তৃতা করেন উপকূলীয় জনকল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জয়নাল আবেদিন।

তরুণদের প্রতিনিধি হিসেবে বিশ্ব যুব সংসদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহানুর রহমান বলেন, জলের সঙ্গে জীবনের যেমন সম্পর্ক, জলের সঙ্গে জীবিকারও ঠিক তেমনই সম্পর্ক। পানি নীতিমালা তৈরিতে তরুণদের অংশগ্রহণ ও মতামত নিতে হবে।

অ্যাকশনএইড বাংলাদেশের পরিচালক ফারাহ্ কবির বলেন, ‘নদীকে বাঁচাতে সবাইকে উদ্যোগী হতে হবে। তাই জল ও জনতন্ত্র বিষয়টির চিন্তাধারাকে আমরা সামনে নিয়ে এসেছি।’ নেপালের মহিলা অধিকার মঞ্চের উপদেষ্টা সাবিত্রি পোখারেল বলেন, ইচ্ছাশক্তিই সবচেয়ে বড়, ইচ্ছা থাকলে অনেক বড় বড় কাজ সম্পন্ন করা সম্ভব।

সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক মৈত্রীর সভাপতি মো. আলাউদ্দিন শিকদার, পানি জাদুঘরের কিউরেটর লিপি মিত্র।