ধীরে ধীরে গতি ফিরছে পণ্য খালাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দের পণ্য খালাসে ধীরে ধীরে গতি ফিরছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে বন্দরকেন্দ্রিক পণ্য খালাস কার্যক্রম শুরু হবে বলে আশা করছেন ব্যবহারকারীরা।
বন্দেরর তথ্যে দেখা যায়, ঈদের ছুটিতে বন্দর চত্বরে প্রায় ৩২ হাজার পণ্যভর্তি কনটেইনারের স্তূপ জমে। বহির্নোঙরে খালাসের অপেক্ষায় থাকা জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৬–এ। ছুটি শেষে গত রোববার থেকে পণ্য খালাসের সঙ্গে সংশ্লিষ্ট সব অফিস খুললেও খালাসের হার ছিল কম।
বন্দরের তথ্য অনুযায়ী, খোলার প্রথম দিন রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় খালাস হয় ৬৪৩ একক কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ)। পরদিন সোমবার ১ হাজার ৪৪১ কনটেইনার খালাস হয়। মঙ্গলবার তা বেড়ে দাঁড়ায় তিন হাজারে। অবশ্য কনটেইনার আমদানির সংখ্যা অনুযায়ী, দিনে গড়ে সাড়ে তিন হাজার কনটেইনার খালাস হওয়ার কথা।
খালাসের গতি পুরোদমে না বাড়ায় জাহাজ থেকেও কনটেইনার নামিয়ে দ্রুত বন্দর চত্বরে রাখা যাচ্ছে না। এতে জাহাজে কনটেইনার ওঠানো বা নামানোর কার্যক্রমও ধীরগতি হয়েছে। জেটিতে ভিড়তে না পেরে বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় থাকা জাহাজের সংখ্যাও কমেনি। গত মঙ্গলবার বহির্নোঙরে অপেক্ষা করছিল ২৪টি কনটেইনার জাহাজ।
বন্দরে কনটেইনারে পণ্য পরিবহন সবচেয়ে বেশি হয় তৈরি পোশাকশিল্পের। তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর বন্দর ও জাহাজীকরণবিষয়ক কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ঈদের ছুটির পর সাধারণত পোশাক কারখানার ৯০ শতাংশ এক সপ্তাহ ছুটি থাকে। এ কারণে বন্দর থেকে পণ্য খালাসেও গতি ধীর হয়। তবে আগামী সপ্তাহ থেকে সব কারখানা খুলবে। বন্দরও পুরোদমে সচল হবে।
বন্দর কর্মকর্তারা জানান, প্রতিবছর ঈদের ছুটির সময় বন্দরে পণ্যের স্তূপ জমে। ছুটির পর ধীরে ধীরে তা কেটে যায়। তবে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বাড়তে থাকায় এবার বন্দর চত্বরে জমতে থাকা কনটেইনারের সংখ্যা ছিল অন্যবারের চেয়ে বেশি। জাহাজ থেকে কনটেইনার নামানো, এই কনটেইনার বন্দর চত্বরে রাখা, সেখান থেকে কনটেইনার খুলে বা সরাসরি খালাস কার্যক্রমসহ নানা ধাপে বন্দরে কাজ হয়। এই ধাপের মধ্যে কোনোটিতে গতি ধীর হলে পুরো কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, ব্যবহারকারীদের সেবা দেওয়ার জন্য ছুটির সময়ও বন্দরের কার্যক্রম সচল ছিল। কিন্তু আমদানিকারকেরা পণ্য খালাস না নেওয়ায় জট তৈরি হয়। তবে ঈদের আগে একটি ইয়ার্ড চালু করায় খালি কনটেইনারের সংখ্যা এখনো নিয়ন্ত্রণে রয়েছে। ব্যবসায়ীরা পণ্যভর্তি কনটেইনার খালাস নিলে এ ধরনের কনটেইনারের জটও কমবে।