
নতুন বইয়ের একটা ভিন্ন রকম গন্ধ আছে। কাগজের, মলাটের আড়ালে আধভেজা আঠা মিলিয়ে এ গন্ধটা মাদকতা ছড়ায়। এ গন্ধ উপভোগের জন্যই প্রতিদিন মেলায় আসেন অনেক বইপ্রেমী। তাঁরা এ স্টল থেকে ও স্টল ঘুরে ঘুরে বই দেখে কাটিয়ে দেন বইমেলার প্রথম সপ্তাহটা। মেলায় জমে ওঠা লেখকদের আড্ডার আকর্ষণও নেহাত কম নয়। অগ্রসর পাঠকেরাও মাঝেমধ্যে ঢুকে পড়েন এসব আড্ডায়। বই লিখে লেখক হয়ে ওঠার সংখ্যাটা দিন দিন বাড়ছেই।
অপর দিকে প্রকাশকেরা প্রথম সপ্তাহের মধ্যেই তাঁদের পরিকল্পিত সব বই মেলায় নিয়ে আসার চেষ্টা চালান এবং এবারও তার ব্যতিক্রম ঘটছে না। ইতিমধ্যে প্রকাশকেরা তাঁদের পরিকল্পিত বইগুলোর এক-তৃতীয়াংশ মেলায় নিয়ে এসেছেন। মেলায় মূলধারার প্রকাশকেরা নিত্যনতুন বই নিয়ে এলেও মেলাজুড়ে গুটি কয়েক জনপ্রিয় লেখকই আধিপত্য বিস্তার করে আছেন।
বিভিন্ন প্রকাশনা সংস্থা ঘুরে জানা গেছে, এ পর্যন্ত মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা ছয় শতাধিক। সব বই যে এবারের মেলাকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে, তা নয়। বিগত বইমেলার পর থেকে এ বইমেলার শেষ পর্যন্ত প্রকাশিত সব বইই নতুন বই হিসেবে বিবেচিত হয়।
নিরাপত্তা বেড়েছে: অমর একুশে বইমেলার চতুর্থ দিনে গতকাল সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমির প্রবেশপথ থেকে সর্বত্রই আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীদের উপস্থিতি দেখা গেছে। প্রবেশপথে মেটাল ডিটেক্টর-নিয়ন্ত্রিত দুটি কাউন্টার বসানো হয়েছে। প্রবেশের আগে প্রত্যেককে এ দুটি কাউন্টারের ভেতর দিয়ে যেতে হয়েছে। ফলে সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথে পাঠকদের দীর্ঘ সারি দেখা গেছে। মেলার বাইরে সোহরাওয়ার্দী উদ্যানে এবং টিএসসি থেকে দোয়েল চত্বর অভিমুখে সড়কে কিছু হকারের আনাগোনা ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টায় একদল পুলিশ রীতিমতো চিরুনি অভিযানের মতো করে বাঁশি হাঁকিয়ে তাড়িয়েছে হকারদের।
বিক্রি বাড়ছে: রাজনৈতিক অস্থিরতা চলছে। প্রতিদিনই পেট্রলবোমা আর ককটেলের আঘাতে প্রাণ হারাচ্ছেন মানুষ। ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। কিন্তু অমর একুশে গ্রন্থমেলা যেন এর বাইরে। প্রতিদিনই বাড়ছে পাঠকদের আনাগোনা। তবে বিক্রি-বাট্টায় রয়েছে চলমান অনির্দিষ্টকালের অবরোধের ধাক্কা। প্রকাশকদের বক্তব্য, আশানুরূপ না হলেও বিক্রি ধীরে ধীরে বাড়ছে। একই সঙ্গে তাঁদের আশা, সব বাধা পেরিয়ে গ্রন্থমেলা আরও জমে উঠবে।
গতকাল বুধবার মেলার দ্বার খুলে দেওয়া হয় বিকেল তিনটায়। এর পরের এক ঘণ্টায় পাঠক-দর্শনার্থীদের আনাগোনা সীমিত হলেও, পরে সময় যত গড়িয়েছে, ভিড় তত বেড়েছে। তবে ভিড় অনুযায়ী বিক্রি হয়নি বলেই জানালেন অনেক প্রকাশক ও বিভিন্ন প্রকাশনা সংস্থায় কর্মরত বিক্রয়কর্মীরা।
অনিন্দ্য প্রকাশনীর প্রকাশক আফজাল হোসেন বলেন, ‘হরতাল-অবরোধের প্রভাব কখনোই মেলায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে না। তবে ছুটির দিনগুলোতে লোকসমাগম কী রকম হবে তার অপেক্ষায় আছি। আশা করছি এসব দিনে রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে লোকসমাগম বাড়বে, সেই সঙ্গে বিক্রি।’
অতিথিদের পদচারণে মুখরিত মেলা: বাংলা একাডেমি আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে অংশ নিতে এসেছেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও ফ্রান্সের সাহিত্যিক ফ্রাঁস ভট্টাচার্য। বাংলা একাডেমি অংশে মেলা প্রাঙ্গণে দেখা হলো তাঁদের সঙ্গে। সেলফি তোলার অনুরোধ শুনতে হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। তুললেনও। আর ফ্রাঁস ভট্টাচার্য বললেন মেলার এমন আয়োজন দেখে মুগ্ধ তিনি। বললেন, ‘আন্দোলনের মধ্য দিয়ে একটি দেশের ভাষা প্রতিষ্ঠিত হয়েছে। সেটি বাংলাদেশের। তখন থেকেই আমি বাংলা ভাষার ভক্ত। আর ভাষায় প্রকাশিত নিয়ে এত বড় মেলা, সত্যিই অপূর্ব। আমার মন ভরে গেছে এ মেলা দেখে।’
স্টল খুঁজে নিতে সমস্যা: ‘ভাই প্রথমা প্রকাশনের স্টলটি কোথায়?’ সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক মাঝখানে কয়েকজন সংবাদকর্মীর কাছে এ প্রশ্ন করেন দুই তরুণ। উপস্থিত একজন আঙুল দিয়ে দেখিয়ে দিলে ওই তরুণ আবার প্রশ্ন করেন, মাওলা ব্রাদার্সটা কই?
অমর একুশে গ্রন্থমেলায় প্রবেশ করে পাঠকেরা প্রথমে যে সমস্যায় পড়েন, তা হলো মূল প্রকাশকদের স্টলগুলো খুঁজে না পাওয়া। সংবাদমাধ্যমে বিভিন্ন সময়ে মেলার মূল স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানকে উল্লেখ করা হলেও মেলায় এসে সে রকম কোনো দিকনির্দেশনা পান না গ্রন্থানুরাগীরা। মেলার চতুর্থ দিনে এসেও মেলার দুই ভেন্যু বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের স্টলগুলোতে আয়োজকদের পক্ষ থেকে লাগেনি স্টল নম্বর। একই সঙ্গে মেলার মানচিত্রটিও এখনো লাগানো হয়নি। এ নিয়ে বেশ সমস্যায় পড়তে হয় আগতদের। বললেন, ‘মেলায় কোনো স্টলই ঠিকমতো খুঁজে পাচ্ছি না। একটা ম্যাপ থাকলে সহজেই স্টলগুলো পাওয়া যেত।’
১০২টি নতুন বই
একাডেমির তথ্যকেন্দ্র এবং সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে জানা গেছে, গতকাল মেলায় এসেছে ১০২টি নতুন বই। এর মধ্যে ১১টি গল্প, ১৫টি উপন্যাস ও ১৯টি প্রবন্ধের বই রয়েছে। গতকাল মেলার তৃতীয় দিনে নজরুল মঞ্চে দুটি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।
ছড়াসাহিত্য নিয়ে মেলামঞ্চ
বুধবার গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশে ছড়াসাহিত্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন ছড়াকার সুজন বড়ুয়া। মূল প্রবন্ধে তিনি বলেন, বাংলাদেশের ছড়াকারেরা ছড়া লেখেন শিশুহৃদয়ের অকৃত্রিম সরলতা দিয়ে। আমাদের ছড়া সামাজিক অঙ্গীকারের চেতনায় পরিপুষ্ট। সামাজিক অসংগতি-অন্যায়-শোষণ ইত্যাদির বিরুদ্ধে শাণিত কণ্ঠের পাশাপাশি মুক্তিযুদ্ধের অবিনাশী আলোয় স্নাত আমাদের ছড়ার ভুবন। আলোচনায় অংশগ্রহণ করেন রফিকুর রশীদ, রাশেদ রউফ এবং আলম তালুকদার। সভাপতিত্ব করেন ছড়াকার রফিকুল হক।