ধীরে হলেও নামছে ঝুলন্ত তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মাথার ওপর ঝুলে থাকা তার মাটির নিচে নামছে। নামার গতি খানিকটা ধীর হলেও শাহবাগ থেকে উত্তরা, উত্তরা-মতিঝিল-গুলশান এবং শাহবাগ-মতিঝিল রুটের ঝুলন্ত তারের অধিকাংশই মাটির নিচে চলে গেছে।এ ছাড়া রাস্তার ওপর আড়াআড়িভাবে ঝুলন্ত তার নামাতে তৈরি করা হয়েছে অতিরিক্ত ভূগর্ভস্থ বিতরণ লাইন। সেসব পথে ঢুকছে আড়াআড়ি করে দেওয়া ইন্টারনেট বা ডিশ সংযোগের তার। তবে কোনো ধরনের সংযোগ বা সরবরাহের বিঘ্ন না ঘটিয়ে প্রধান রাস্তার সব দৃশ্যমান তার নামিয়ে ফেলতে সরকার-নির্ধারিত সময় ৩০ নভেম্বর হলেও সব কাজ শেষ করতে আরও প্রায় তিন মাস লাগতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা, যদিও এ পর্যন্ত তিনবার সময় বাড়িয়েছে সরকার। সরেজমিনে দেখা গেছে, ভূগর্ভস্থ বিতরণ অবকাঠামো তৈরি করছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশন্স লিমিটেড ও ফাইবার অ্যাট হোম। উন্মুক্ত খনন (ওপেন কাট) পদ্ধতিতে ফাইবার অ্যাট হোম তাদের অবকাঠামো তৈরি করেছে। আর উন্নত প্রযুক্তির হরাইজন্টাল ডাইরেকশনাল ড্রিলিং পদ্ধতি (এইচডিভি) ব্যবহার করে প্রায় ৭০ কিলোমিটার রাস্তার নিচে খনন করেছে সামিট। এসব অবকাঠামোর কাজ প্রায় শেষ হলেও উপযুক্ত সব ধরনের প্রযুক্তিগত সুবিধা এখনো তৈরি করা যায়নি। জানা গেছে, সামিট কমিউনিকেশন রাস্তার নিচে আড়াআড়িভাবে অতিরিক্ত ২০টি ভূগর্ভস্থ বিতরণ লাইন বানিয়েছে। প্রতিটি আড়াআড়ি অবকাঠামো তৈরিতে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। ইতিমধ্যে তারা উত্তরা, বনানী, কামাল আতাতুর্ক এভিনিউ, কারওয়ান বাজার ও সেগুনবাগিচায় একটি করে ‘পপ-আপ’ যন্ত্র স্থাপন করেছে। শাহবাগ থেকে উত্তরা রুটে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ করতে নিকুঞ্জ, ফার্মগেট, তেজকুনিপাড়া, তেজতুরী বাজার, মহাখালী ও কারওয়ান বাজারের পূর্ণিমা সিনেমা হলের সামনে একটি করে যন্ত্র বসিয়েছে সামিট কর্তৃপক্ষ। এতে করে রাস্তার দুই পাশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ চালু থাকবে। কিন্তু শাহবাগ-মতিঝিল ও গুলশানে এখনো কিছু পপ-আপ যন্ত্র বসানো বাকি। এসব কাজ ঈদের পর শুরু হবে বলে জানিয়েছে সামিট কর্তৃপক্ষ।উল্লেখ্য, বিভিন্ন ইন্টারনেট ব্যবসায়ী নানা প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের কাছে ইন্টারনেট পৌঁছে দেন। এসব প্রযুক্তির সমন্বয় করতে এই ‘পপ-আপ’ ব্যবহার করা হয়। সামিটের মহাব্যবস্থাপক মো. শাহ মিরাজ প্রথম আলোকে বলেন, ‘একটি পপ-আপ বসাতে উপযুক্ত জায়গা লাগে। স্থাপনের প্রতিটি স্তরেই রয়েছে জটিলতা। বিষয়টি বেশ সময়সাপেক্ষ।’ তিনি আশা করছেন, সরকার আরও কিছুটা সময় বাড়ালে সব কাজ সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব।অন্যদিকে ফাইবার অ্যাট হোমের অবকাঠামো তৈরির কাজ অনেক আগেই শেষ। প্রতিষ্ঠানটির দাবি, তাদের স্থাপিত নেটওয়ার্ক ব্যবহারের জন্য মোবাইল ফোন অপারেটর, ডিশ ব্যবসায়ী, ওয়াইম্যাক্স, আইএসপি, কেবল অপারেটরসহ মোট ৫২টি প্রতিষ্ঠান চুক্তি করেছে। আর তাদের সবাই কাজ শুরুও করেছে। এ ছাড়া রাজধানীতে স্থাপিত চারটি কেন্দ্রীয় কার্যালয়, দুই শতাধিক লোকাল ডিস্ট্রিবিউশন পয়েন্ট (এলজিডি) এবং গুলশানে ন্যাশনাল মনিটরিং সেন্টার স্থাপনের মাধ্যমে ঢাকার যেকোনো স্থানে ইন্টারনেট ব্যবসায়ীদের সংযুক্ত করতে পারবে বলে দাবি করেছে তারা। কিন্তু ফাইবার অ্যাট হোম এখনো সম্পূর্ণ প্রযুক্তিগত সমাধান দিতে পারেনি বলে অভিযোগ করেছেন অনেকে। ওয়াইম্যাক্স লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলালায়নের সহকারী মহাব্যবস্থাপক মো. মাসুদ জানান, ‘ফাইবার অ্যাট হোম এখনো বাংলালায়নের প্রযুক্তিগত সমাধান করে দিতে পারেনি।’ প্রায় একই ধরনের অভিযোগ ঢাকাকমের নির্বাহী পরিচালক এম এ হাকিম প্রগতির। তিনি বলেন, ‘সাধারণ গ্রাহকের সঙ্গে সংযোগ দিতে পেরেছি। কিন্তু ব্যাংক বা বহুজাতিক কোম্পানিগুলোর সলিউশনের সঙ্গে ফাইবার অ্যাট হোমের সলিউশন বা প্রযুক্তিগত সমাধান এখনো মেলেনি।’ ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আখতারুজ্জামান মঞ্জু বলেন, শাহবাগ থেকে উত্তরা পর্যন্ত কাজ প্রায় শেষ। অধিকাংশ আইএসপি প্রতিষ্ঠান তাদের গ্রাহককে সংযোগ দিতে পেরেছে। উত্তরা-মতিঝিল-গুলশান রুটে এবং শাহবাগ-মতিঝিল রুটের কাজ শেষ হবে ডিসেম্বর নাগাদ। আর পুরো রাজধানীর সব প্রধান রাস্তা থেকে তার নামাতে আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস পর্যন্ত লাগতে পারে।