ধুঁকছেন শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামপুরের একটি ডাইং কারখানার ভেতরের চিত্র। অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছেন শ্রমিকেরা। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো
শ্যামপুরের একটি ডাইং কারখানার ভেতরের চিত্র। অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছেন শ্রমিকেরা। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো

নিচে জ্বলছে সারি সারি গ্যাসের চুলা, ওপরে বিশেষ ব্যবস্থায় রাখা একখানা লম্বা সাদা কাপড়। তাতে খোলা হাতে রং করছেন মোজাম্মেল। তাঁর নাকে মাস্কও নেই। পায়ের তলায় রাসায়নিক মিশ্রিত পানি। ডাইংয়ের কাঁচা রঙে তাঁর হাত-পায়ের তালু কালো।
এ চিত্র রাজধানীর শ্যামপুরের ফুজি ডাইং কারখানার। ডাইং কারখানায় ১২ বছর ধরে কাজ করেন ৬০ বছর বয়সী মোজাম্মেল। তিনি গত রোববার প্রথম আলোকে বলেন, ‘কাঁচা রঙের গন্ধে পেট ফেঁপে ওঠে। খেতে ভালো লাগে না। ছয় মাস আগে জন্ডিস হয়েছিল। আর জ্বর তো সব সময় থাকেই।’
রাজধানীর শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় বড় ডাইং কারখানা আছে ৫০টি। এসব কারখানায় শাড়ি, লুঙ্গি, থ্রিপিসসহ নানা রকমের কাপড় রং করা হয়। দেশের প্রায় ৬০ ভাগ কাপড়ে রং করা হয় এই ডাইং কারখানাগুলোয়।
শ্যামপুর-কদমতলীর শিল্প মালিক সমিতির তথ্য বলছে, প্রতিটি ডাইং কারখানায় কমপক্ষে ২৫০ শ্রমিক কাজ করছেন। সেই হিসাবে এখানকার ডাইং কারখানাগুলোয় বর্তমানে সাড়ে ১২ হাজার শ্রমিক কাজ করছেন। তাঁদের সবাই প্রায় একই রকম অমানবিক পরিবেশে কাজ করছেন। সবার স্বাস্থ্য সমস্যাও প্রায় একই। তাঁদের কারও নিয়োগপত্র নেই।
সরেজমিন একাধিক ডাইং কারখানায় গিয়ে দেখা যায়, কারখানার ভেতরে প্রচণ্ড গরম। কারখানায় আলো-বাতাস ঢোকার কোনো ব্যবস্থা নেই। শ্রমিকদের শরীর ঘামে ভেজা। কোনো শ্রমিকের হাতে দস্তানা (গ্লাভস) নেই। নাকে নেই কোনো মাস্ক। কারখানার মেঝেতে বিষাক্ত পানি। শ্রমিকেরা খোলা হাতে রং করার পাশাপাশি রাসায়নিক মেশাচ্ছেন। যত্রতত্র রাখা রাসায়নিকের ড্রাম।
শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেল, শ্রমিকদের বড় অংশ প্রায় সময় গায়ে জ্বর নিয়ে কাজ করে। ভোগেন পাতলা পায়খানা, ডায়রিয়া ও আমাশয়ে। প্রায় প্রত্যেক শ্রমিক বছরে এক থেকে দুবার জন্ডিসে আক্রান্ত হয়েছেন। থ্রিস্টার ডাইংয়ের কর্মচারী রমজান জন্ডিসে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে ছিলেন এক মাস। এক সপ্তাহ আগে আবার তিনি কাজে যোগ দিয়েছেন। রমজান বললেন, এ নিয়ে এক বছরে তাঁর দুবার জন্ডিস হলো। ১৮ বছর বয়সী মনিরুল এক বছর ধরে কাজ করছেন আল মক্কা ডাইং কারখানায়। তিনিও দুবার জন্ডিসে আক্রান্ত হয়েছেন। মনিরুল বললেন, ‘কারখানার ভেতরে যে কত গরম, তা কেউ না ঢুকলে বুঝতে পারবে না। কারখানায় ঢুকলে সঙ্গে সঙ্গে শরীর ঘামে ভিজে যায়।’
শ্রম আইন বলছে, কারখানায় নির্মল বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে। এমন তাপমাত্রা রাখতে হবে, যাতে শ্রমিকেরা আরামে কাজ করতে পারেন, তাঁদের যেন স্বাস্থ্যহানি না হয়। প্রতিটি প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম থাকতে হবে। তিন শ শ্রমিক কাজ করলে কারখানায় একটি রোগীর কক্ষ থাকতে হবে। তার দায়িত্বে থাকবেন একজন চিকিৎসক ও নার্স।
শ্যামপুর-কদমতলী শিল্প এলাকার অন্তত ১০টি কারখানার ২০০ জন শ্রমিক প্রথম আলোকে জানালেন, তাঁদের কারও কোনো নিয়োগপত্র নেই। নেই কোনো পরিচয়পত্রও। মালিকদের যখন ইচ্ছা তখন শ্রমিককে কাজ থেকে বের করে দেন। কাজ করতে হচ্ছে ১২ ঘণ্টা করে।
অথচ শ্রম আইন বলছে, কোনো মালিক নিয়োগপত্র না দিয়ে কোনো শ্রমিককে নিয়োগ দিতে পারবেন না। প্রত্যেক শ্রমিককে ছবিসহ পরিচয়পত্র দিতে হবে। আট ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। করালে অতিরিক্ত অর্থ দিতে হবে।
শ্যামপুর-কদমতলীর কারখানার মালিকেরা যে শ্রম আইন মানছেন না, তা স্বীকার করে নিলেন থ্রিস্টার ডাইংয়ের মালিক মকবুল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘নিয়োগপত্র দেওয়া হয় না, এটা ঠিক। পরিচয়পত্রও নেই। কাজের ভিত্তিতে তাঁদের পারিশ্রমিক দেওয়া হয়।’ কারখানার ভেতরে অতিরিক্ত তাপমাত্রার কারণে প্রায় সময় শ্রমিকেরা অসুস্থ থাকেন বলেও স্বীকার করেন তিনি।
বাংলাদেশ টেক্সটাইল ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘স্বাধীনতার পর থেকে ডাইং কারখানার শ্রমিকেরা এমন পরিবেশে কাজ করে আসছেন। শ্রম আইনের অনেক কিছু মানা হয় না।’ তবে তিনি দাবি করলেন, শ্রমিকদের ঠিকমতো বেতন দেওয়া হয়। কারখানায় চিকিৎসক নিয়োগ দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে বলেও জানান তিনি।
বিষয়টি জানানোর পর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক (স্বাস্থ্য) মো. মঞ্জুর কাদের খান প্রথম আলোকে বলেন, ‘আমার জানা ছিল না কদমতলী-শ্যামপুরের ডাইং কারখানার শ্রমিকদের সঙ্গে এমন আচরণ করছেন মালিকেরা। কারখানাগুলো পরিদর্শন করে শ্রম আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের স্বাস্থ্যব্যবস্থা উন্নতির জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’