ধুঁকে ধুঁকে দূরপাল্লায় চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের মধ্যে পরিবহন মালিকেরা বাস চালাতে সাহস পাচ্ছেন না। গতকাল বৃহস্পতিবার আতঙ্কের মধ্যেই অল্প কিছু গন্তব্যে ঢাকা ছেড়েছে সীমিত পরিসরে দূরপাল্লার বাস। তবে বড় কোনো কোম্পানির বাস ছাড়েনি।
ঢাকার মহাখালী ও সায়েদাবাদ থেকে কিছু বাস ছেড়েছে, তবে বেশির ভাগই কাছাকাছি গন্তব্যের উদ্দেশে। গাবতলী থেকেও কিছু বাস চলেছে, বেশির ভাগই আরিচা পর্যন্ত। তবে উত্তরবঙ্গের পথে গাবতলী থেকে কোনো বাস চলতে দেখা যায়নি।
গতকাল দুপুরে কয়েকজন পরিবহন শ্রমিক জানিয়েছেন, সন্ধ্যার পর কিছু বাস চালানোর বিষয়ে প্রস্তুতি রাখা হয়েছে। এভাবে একজনের দেখাদেখি অন্যরাও বাস চালানোর প্রস্তুতি নিচ্ছেন। তবে দূরপাল্লার বাস চালানো, না চালানো নিয়ে দ্বিধার মধ্যে রয়েছেন বেশির ভাগ পরিবহন মালিক।
টার্মিনালগুলোতে যাত্রীদের উপস্থিতিও খুব একটা দেখা যায়নি। গাবতলীতে কয়েকটি বাস কোম্পানি কাউন্টার খুললেও টিকিট বিক্রি করতে দেখা যায়নি। ঢাকা-খুলনা পথে চলাচলকারী একটি পরিবহনের কর্মী আমিনুর রহমান বলেন, আগাম টিকিট বিক্রি না করে টার্মিনালে যাত্রী বোঝাই করে কয়েকটি বাস চলাচল শুরু করেছে।
জানতে চাইলে সরকার সমর্থক পরিবহন নেতা বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোর কাছে দাবি করেন, ৬০ শতাংশ সড়ক-মহাসড়ক ঠিক হয়ে গেছে। আজ-কালের মধ্যে বাকিটাও ঠিক হয়ে যাবে। এখন যাত্রীরা বেরিয়ে এলেই সব বাস চলবে। তিনি জানান, মহাসড়কে পুলিশ, র‌্যাব ও বিজিবি আছে। পুলিশ ও মালিক-শ্রমিক নেতাদের নিয়ে গঠিত একটি কমিটি নিরাপত্তাব্যবস্থার সমন্বয় করছে।
পরিবহন মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার অবরোধ ভাঙার জন্য কৌশল নিয়েছে। বাসমালিকদেরও বলে দেওয়া হয়েছে, গণমাধ্যম থেকে জিজ্ঞেস করা হলে যেন বলা হয় বাস চালু হয়েছে। এতে অন্য মালিকেরা উৎসাহ পাবেন। যাত্রীরাও আশ্বস্ত হবেন। এর মাধ্যমেই অবরোধ ভেঙে যাবে।
একটি বড় পরিবহন কোম্পানির মালিক বলেন, ‘আতঙ্ক ভাঙার দায়িত্বটা কে নেবে? আমার কোম্পানির প্রতিটি বাস এক কোটি টাকার চেয়ে বেশি দামি। অবরোধে পুড়িয়ে দিলে তো ইনস্যুরেন্সও দাবি করা মুশকিল হবে।’ ওই মালিক আরও বলেন, আসলে যাত্রী নেই। আতঙ্কও কাটেনি।
আরেক পরিবহন মালিক বলেন, সরকার সমর্থক পরিবহন নেতারা বাস চালানোর জন্য চাপ দিচ্ছেন। অভয় দেওয়া হচ্ছে, পথে পথে নিরাপত্তা বাহিনী সহায়তা করবে। কিন্তু ৩০০-৪০০ কিলোমিটার পথ কি পাহারা দেওয়া সম্ভব? ওই মালিক দুঃখ করে বলেন, তাঁর অধীনে এক হাজার ৬০০ লোক চাকরি করেন। তাঁরা সবাই বেকার। ব্যাংক ঋণের কিস্তি দিতে পারছেন না।
আরেকটি বড় পরিবহন কোম্পানির মালিক বলেন, বুধবার রাতে চট্টগ্রাম থেকে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। টিকিটও বিক্রি শুরু হয়েছিল। কিন্তু বিএনপি-জামায়াতের পক্ষ থেকে ফোন দিয়ে চালাতে নিষেধ করা হয়। এরপর আর বাস চালানো হয়নি।