ধুদুকছড়ি থেকে ঘুমধুম পর্যন্ত মানববন্ধনের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে ১৮ জানুয়ারি পার্বত্য চট্টগ্রামের সর্ব-উত্তরের ধুদুকছড়ি থেকে সর্ব-দক্ষিণে বান্দরবানের ঘুমধুম পর্যন্ত প্রায় ৪০০ কিলোমিটার মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির কেন্দ্রীয় সভাপতি গৌতম দেওয়ান জানান, পার্বত্য চুক্তি স্বাক্ষরের ১৮ বছরেও বাস্তবায়িত না হওয়ায় নাগরিক কমিটি, হেডম্যান নেটওয়ার্ক, আদিবাসী ফোরাম—এই তিন সংগঠন যৌথভাবে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে। পার্বত্য চট্টগ্রামের উত্তর থেকে দক্ষিণে কয়েক লাখ মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করবে। পার্বত্যবাসীর সঙ্গে সংহতি প্রকাশ ও পৃথক ভূমি কমিশনের দাবিতে সিলেট, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুরসহ সমতলের বিভিন্ন জেলায় বসবাসরত ক্ষুদ্র জনগোষ্ঠীর লোকজনও মানববন্ধন করবেন। ১৬ জানুয়ারি কর্মসূচি সম্পর্কে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান গৌতম দেওয়ান।
ওই তিন সংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচি সফল করার জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। গতকাল মঙ্গলবার বান্দরবানের লামায় কেন্দ্রীয় নেতারা সমাবেশ করেন। এতে নাগরিক কমিটির কেন্দ্রীয় সভাপতি গৌতম দেওয়ান, হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য থোয়াই অং মারমা, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান উপস্থিত ছিলেন।
হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের উত্তর দিকের সর্বশেষ ধুদুকছড়িতে শান্তি আলোচনা শুরু হয়েছিল। এ জন্য মানববন্ধন ধুদুকছড়ি থেকে শুরু হয়ে সর্ব-দক্ষিণে বান্দরবানের ঘুমধুম পর্যন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ধুদুকছড়ি থেকে পানছড়ি-খাগড়াছড়ি, খাগড়াছড়ি থেকে রাঙামাটির মানিকছড়ি-চন্দ্রঘোনা হয়ে বান্দরবানের চিম্বুকপাহাড়-সরই-লামা-গোয়ালমারা-বাইশারী-নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম পর্যন্ত মানববন্ধনের সড়ক নির্ধারণ করা হয়েছে।