ধুনট উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে টি আই এম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক পদে আবদুল হাই নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে গোপন ব্যালটে কাউন্সিলরদের রায়ে তাঁরা নির্বাচিত হন।দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী হন। এ জন্য জেলা আওয়ামী লীগের নেতারা ভোট গ্রহণের ব্যবস্থা করেন। ২৪৬ জন কাউন্সিলর তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান টি আই এম নূরুন্নবী তারিক ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।সম্মেলনের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, ধুনট শেরপুর এলাকার সাংসদ হাবিবর রহমান প্রমুখ।