ধুনট ও শিবগঞ্জে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট ও শিবগঞ্জ উপজেলায় গতকাল রোববার জাতীয় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফুটবলে ধুনটেধুনট এনইউ মডেল পাইলট উচ্চবিদ্যালয় ওশিবগঞ্জে বিহার উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

ধুনট উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসাবে ২৩ জুলাই থেকে উপজেলার ৪২টি স্কুল ও ২৫টি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বের খেলা শেষে গতকাল বিকেল চারটার দিকে ধুনট এনইউ মডেল উচ্চবিদ্যালয় মাঠে ফাইনাল খেলা হয়। এতে ধুনট এনইউ মডেল পাইলট উচ্চবিদ্যালয় ১-০ গোলে সোনাহাটা উচ্চবিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন শেরপুর-ধুনট আসনের সাংসদ হাবিবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, প্রধান শিক্ষক মশিউর রহমান, পৌর মেয়র এ জি এম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক মোহসিন আলম প্রমুখ।

এদিকে শিবগঞ্জ পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে বিকেলে ফাইনাল খেলা হয়। এতে বিহার উচ্চবিদ্যালয় ৩-১ গোলে জগন্নাথপুর উচ্চবিদ্যালয়কে পরাজিত করে। উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে এ খেলা হয়। খেলা পরিচালনা করেন আবদুল হান্নান, আবুল কাশেম ও বিপ্লব মোহন্ত।

একই দিনে মেয়েদের হ্যান্ডবল ফাইনাল খেলায় গুজিয়া উচ্চবিদ্যালয় ১-০ গোলে সেকেন্দ্রাবাদ মাদ্রাসাকে পরাজিত করে। কাবাডি খেলায় চলনাকাথি মাদ্রাসা ৩৩-২৫ পয়েন্টে দাড়িদহ মাদ্রাসাকে পরাজিত করে। সাঁতার প্রতিযোগিতায় আলীয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চবিদ্যালয়, শিবগঞ্জ পাইলট মডেল উচ্চবিদ্যালয় ও সেকেন্দ্রাবাদ মাদ্রাসার শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নছর মোহম্মদ আলমগীর হুসাইন, পৌর মেয়র তৌহিদুর রহমান, ইউএনও গোলাম মোহম্মদ শাহনেওয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান প্রমুখ।

এবারের প্রতিযোগিতায় উপজেলার ৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।