ধুনট ছাত্রলীগের সম্মেলনে দুই নেতা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের দুই নেতাকে লাঞ্ছিত করা হয়েছে। গত বুধবার ধুনট বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে উপজেলা ছাত্রলীগের সম্মেলনের শুরুতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই দুই নেতা ও তাঁদের সমর্থকেরা সম্মেলন বয়কট করেন।পরে সম্মেলনে ইকবাল হোসেনকে সভাপতি ও মাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কমিটি ঘোষণা করা হয়।দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর পর বুধবার বিকেলে উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের দিন ধার্য করা হয়। এতে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমানকে প্রধান অতিথি ও স্থানীয় সাংসদ হাবিবর রহমানকে বিশেষ অতিথি করা হয়। প্রধান অতিথি না করায় সাংসদ ক্ষুব্ধ হন বলে নাম প্রকাশ না করার শর্তে দলের একাধিক নেতা-কর্মী জানান। বিকেল সাড়ে চারটায় সাংসদ তাঁর সমর্থকদের নিয়ে সভাস্থলে পৌঁছান। সেখানে আগে থেকে অবস্থানরত উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল মজিদকে সাংসদের সমর্থকেরা শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ওই দুই নেতার নেতৃত্বে ছাত্রলীগের একাংশ সম্মেলন বর্জন করে। সন্ধ্যা ছয়টায় জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আলরাজীর সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের উদ্বোধন করেন হাবিবর রহমান। বক্তৃতা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মোরশেদুল আলম চৌধুরী, উপ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মারুফ বিল্লাহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফি হিরো প্রমুখ। ওই রাতেই জেলা সদর থেকে ইকবাল হোসেনকে সভাপতি ও মাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ধুনট উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আলরাজী জানান, সম্মেলন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে দলের গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সাংসদ বলেন, সম্মেলনের শুরুতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে।