ধুনট পৌর আ.লীগের কমিটি বিলুপ্ত
বগুড়ার ধুনট পৌর নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় পৌর আওয়ামী লীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খানকে বগুড়া জেলা আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী ঘোষণা দেয়। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র এ জি এম বাদশাহ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে ধুনট পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীদের অথর্ব আখ্যায়িত করে ৬৫ সদস্যবিশিষ্ট কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
একই সঙ্গে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে পৌর আওয়ামী লীগের সভাপতি আশিকুর রশিদ হেলালকে আহ্বায়ক ও কামরুল হাসান, রকিবুল হাসান ও আল আমিন তরফদারকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক আশিকুর রশিদ হেলাল বলেন, সাবেক সাধারণ সম্পাদক এ এফ এম ফজলুল হক দলের অধিকাংশ নেতা-কর্মীকে নিয়ে তাঁর ভাই ‘বিদ্রোহী’ প্রার্থী এ জি এম বদাশাহর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এই অভিযোগে ফজলুল হকসহ কয়েকজন নেতা-কর্মীকে বহিষ্কার করায় দলটি কর্মীহীন অথর্ব হয়ে পড়েছে। তাই কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ এফ এম ফজলুল হক বলেন, ‘বিদ্রোহী প্রার্থী আমার ভাই। তাই প্রচারণায় তাঁর পক্ষে অবস্থান নিয়েছি। এ কারণে দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে।’
গত সোমবার ‘বিদ্রোহী’ প্রার্থী এ জি এম বাদশাহ ও তাঁর ছোট ভাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এফ এম ফজলুল হকসহ ১০ জন নেতাকে বহিষ্কার করা হয়।