ধুনটে অচেতন করে ব্যবসায়ীর টাকা লুট
বগুড়ার ধুনটে গতকাল বৃহস্পতিবার বেলাল হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীকে অচেতন করে তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। তিনি শেরপুর উপজেলার দুবলাগাড়ী গ্রামের আবু তাহেরের ছেলে। তাঁকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বেলাল হোসেন ধান কেনার জন্য বৃহস্পতিবার সকালে ৩০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে বাসে করে ধুনট উপজেলা শহরে যাচ্ছিলেন। বাসে অজ্ঞান পার্টির সদস্যরা তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ৩০ হাজার টাকা নিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় এক ভ্যানচালক তাঁকে রাস্তা থেকে তুলে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে চলে যান। এ সময় ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা সহকারী জাহাঙ্গীর আলম তাঁকে সেখান থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান পাশা জানান, সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ব্যবসায়ীর খোঁজ নেওয়া হয়েছে। এ ছাড়া অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রামপদ সূত্রধর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের ওষুধ খাইয়ে তাঁকে অজ্ঞান করা হয়েছে।