ধুনটে অশ্লীল নৃত্য, জুয়া খেলা বন্ধ করল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর বাজারে চলা অশ্লীল নৃত্য ও জুয়া খেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন। গত বুধবার অভিযান চালিয়ে এগুলো বন্ধ করা হয়। বিচিত্রানুষ্ঠানের নামে মধুরাপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি পুলিশের সহায়তায় এসব আয়োজন করেন বলে অভিযোগ ওঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, মথুরাপুর বাজারে প্রতিবছর এক দিনের জন্য চৈতালি মেলার আয়োজন করা হয়। কিন্তু আয়োজকেরা ইউএনওর কার্যালয় থেকে মেলার স্থান ইজারা নিয়ে কয়েক দিন ধরে মেলা পরিচালনা করেন। শ্রমিক লীগের নেতা মোশারব হোসেন গত ২৯ মার্চ ২০ হাজার টাকায় মেলার স্থান ইজারা নিয়ে সেখানে বিচিত্রানুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য ও জুয়া খেলার আয়োজন করেন। পরে এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে ইউএনও আতাউল গনি পুলিশ নিয়ে বুধবার দুপুরে সেখানে অভিযান চালান। এ সময় পুলিশ সদস্যরা বিচিত্রানুষ্ঠানের মঞ্চ গুঁড়িয়ে দেন।মোশারব হোসেন জানান, শুধু মেলা হলে লোক আসতে চায় না। এ কারণে বিনোদনের ব্যবস্থা করা হয়। সেই বিনোদনের জন্যই বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় লোকজনের অভিযোগের কারণে প্রশাসন মঞ্চ ভেঙে দিয়েছে।ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান পাশা বলেন, ‘আমার থানার পুলিশ এ মেলার বিষয়ে কোনো ধরনের সহযোগিতা করেনি। সংবাদ পেয়ে গত মঙ্গলবার রাতেই মঞ্চ একবার ভেঙে দেওয়া হয়েছে। পরের দিন আমাদের নিষেধ উপেক্ষা করে অনুষ্ঠান চলছিল। এ কারণে আবার ভেঙে দেওয়া হয়েছে।’