ধুনটে আ.লীগ ও যুবলীগ নেতাকে পিটিয়ে জখম
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে পিটিয়ে আহত করেছেন শ্রমিক লীগের নেতারা। গাছ কাটতে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আরিফুল ইসলাম এবং উপজেলা যুবলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আল রাজি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্প (ডিআইডিপি) নামের একটি বেসরকারি সংস্থা বনায়ন কর্মসূচির আওতায় ১৯৯৬ সালে উপজেলার বিভিন্ন রাস্তায় চারা লাগায়। বর্তমানে পিইপি নামের আরেকটি সংস্থার কাছ থেকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন ও আওয়ামী লীগের নেতা রেজাউল ইসলাম অবৈধভাবে গাছ কিনে তা কেটে নিয়ে যাচ্ছেন। গাছ কাটা বন্ধের দাবিতে আরিফুল ও আল রাজির উদ্যোগে গত বুধবার বিকেলে ডিআইডিপির সুবিধাভোগীরা উপজেলার খাটিয়ামারী বাজারে মানববন্ধন করেন।এতে আওয়ামী লীগের নেতা বনি আমিন ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ক্ষিপ্ত হয়ে বুধবার সন্ধ্যায় আরিফুল ও আল রাজির সদরপাড়ার ব্যবসায়ী কার্যালয়ে হামলা চালান। এ সময় তাঁরা আরিফুল ও আল রাজিকে পিটিয়ে আহত করেন। আরিফকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও আল রাজিকে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শ্রমিক লীগের নেতা জাহাঙ্গীর আলম বলেন, ‘আরিফ ও আল রাজি সাংসদের নাম বলে অনেক লোকের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিয়েছেন। আমরা তাঁদের নিষেধ করলেও তাঁরা মানেননি। এ কারণে তাঁদের মারধর করা হয়েছে।’আল রাজি সাংসদের নাম করে লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, গাছ কাটতে বাধা দেওয়ায় তাঁদের মারধর করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই বলেন, ‘উভয় পক্ষ আমাদের দলীয় লোক। এ কারণে বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।’