ধুনটে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় ধুনট বাজার এলাকায় এসব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার বিকেলে ধুনটে বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এ লক্ষ্যে দলীয় নেতা-কর্মীরা ধুনট বাজারে দলের অস্থায়ী কার্যালয়ের সমবেত হচ্ছিলেন। বিকেল চারটায় আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল ওই এলাকায় পৌঁছে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া করে। তারা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও শ্রমিক দলের কার্যালয় ভাঙচুর করে। পরে সন্ধ্যার দিকে বিএনপির নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে মিছিল নিয়ে ধুনট বাজার এসে একটি ট্রাক, দুটি সিএনজিচালিত অটোরিকশা, দুটি ভটভটি ভাঙচুর করেন। তখন পুলিশি বাধায় বিএনপির নেতা-কর্মীরা পিছু হটেন। বিএনপির এ ভাঙচুরের প্রতিবাদে পরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা আবার আরেকটি বিক্ষোভ মিছিল করেন। আওয়ামী লীগ-বিএনপির এসব পাল্টাপাল্টি বিক্ষোভ ও হামলায় বাজারের সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম অভিযোগ করেন, তাঁদের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ হামলা করে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই বলেন, বিএনপির বিক্ষোভ মিছিল থেকে বাজারের কয়েকটি গাড়ি ভাঙচুর করায় ক্ষুব্ধ হয়ে তাঁদের কর্মীরা ওদের কার্যালয় ভাঙচুর করেন।