ধুনটে আ.লীগ সমর্থিত প্রার্থী ছাড়াও তিন নেতা লড়ছেন
বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নূরুন্নবী তারিককে দল-সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগের আরও তিন নেতা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হয়েছেন। এই তিনজনের মধ্যে নূরুন্নবী তারিকের ভাগনে, উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমানও আছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা যায়, ১৯ ফেব্রুয়ারির নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের ছয়জন মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান টি আই এম নূরুন্নবী তারিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরত-ই-খুদা ওরফে জুয়েল, শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই ও উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান।
আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচনে একক প্রার্থী দিতে বগুড়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ধুনট উপজেলার তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। নূরুন্নবী তারিককে ২ ফেব্রুয়ারি দলের সমর্থন ঘোষণা করা হয়। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে পরদিন ৩ ফেব্রুয়ারি আবদুল হাই ও রেজাউল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তবে নূরুন্নবী তারিকের ভাগনে মতিউর রহমানসহ কুদরত-ই-খুদা ও শফিকুল ইসলাম মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও নিজেদের অবস্থানে অনড় থাকেন। তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে গত মঙ্গলবার বগুড়া জেলা নির্বাচন কার্যালয় থেকে এসব চেয়ারম্যান পদপ্রার্থীদের নামে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে নূরুন্নবী তারিক পেয়েছেন হেলিকপ্টার, মতিউর রহমান মোটরসাইকেল, কুদরত-ই-খুদা টেলিফোন ও শফিকুল ইসলাম আনারস।
মতিউর রহমান বলেন, ‘মাঠের সাধারণ ভোটারদের সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আওয়ামী লীগের নেতারা আমার ওপর জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা মেনে নিতে পারি না। ভোটের মাঠেই মামার সঙ্গে আমার মোলাকাত হবে।’
নূরুন্নবী তারিক বলেন, ‘আমার ভাগনে ছাড়াও আওয়ামী লীগের আরও দুজন নেতা দলীয় সিদ্ধান্ত মেনে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই ভাগনের সঙ্গেও সমঝোতার বিষয়ে কোনো আলোচনায় যাইনি। ওই দুজন সরে দাঁড়ালে ভাগনেরটাও দেখা যাবে।’
তবে কুদরত-ই-খুদা ও শফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।