ধুনটে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ছাত্রদল নেতাকে হত্যায় জড়িত থাকার অভিযোগে আবদুল মান্নান নামে আওয়ামী লীগের এক নেতাকে গত সোমবার পুলিশ গ্রেপ্তার করেছে। মান্নান উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মথুরাপুর ইউনিয়ন পরিষদ ও খাদুলী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান ওরফে জ্যোতির সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মান্নানের দ্বন্দ্ব ছিল। শফিউর রহমানের ছেলে ও ছাত্রদল মথুরাপুর ইউনিয়ন কমিটির সদস্য সাজেদুল রহমান ওরফে রিপনকে (২৪) গত ২২ জুন দুপুরে বাড়ি থেকে তাঁর বন্ধু বাবু খান মুঠোফোনে ডেকে নেন। ২৩ জুন সকালে রিপনের মরদেহ গাজীপুরের জয়দেবপুর উপজেলার জিরানি বাজার এলাকা থেকে পুলিশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত ব্যক্তির চাচা নুরুন্নবী বাদী হয়ে ২৩ জুন রাতে জয়দেবপুর থানায় কারও নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা করেন। ঘটনার ৪০ দিন পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাবু খান (২৪) ও আবদুর রাজ্জাক (৪০) নামের দুই ব্যক্তিকে শেরপুর উপজেলার তালতা গ্রাম থেকে পুলিশ আটক করে। আদালতে বাবু খানের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ সোমবার আবদুল মান্নানকে গ্রেপ্তার করে।