ধুনটে আজ শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম হাইস্কুল মাঠে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে সকাল নয়টায় শুরু হয় ইজতেমা। চলবে আগামী তিন দিন। আয়োজকদের দাবি, এটিই দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা।
আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির বলেন, প্রতিবছরের মতো সৌদি আরব, ফিলিস্তিন, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকাসহ দেশ-বিদেশের মুসল্লিরা ইজতেমা ময়দানে গতকাল বুধবার থেকে আসতে শুরু করেছেন। প্রতিবছরের মতো এবারও ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হবে বলেও জানান তিনি।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, ইজতেমা ময়দানে নিরাপত্তা জোরদার করতে পাঁচ প্লাটুন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। এ ছাড়া বিদেশি মুসল্লিদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
ধুনটের ইউএনও হাফিজুর রহমান বলেন, ইজতেমা ময়দানে মুসল্লিদের জন্য বিশুদ্ধ পানি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে।