ধুনটে আরও ২৩ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত
বগুড়ার ধুনট উপজেলায় গত চার দিনে মা-ছেলে ও স্বামী-স্ত্রীসহ আরও ২৩ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৯-এ। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামে এক সপ্তাহ আগে বেশ কিছু গরু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। এর মধ্যে ১৫টি গরু মারা যায়। আক্রান্ত মাংস খেয়ে ও মাংস নাড়াচাড়া করতে গিয়ে গত বুধবার মা-ছেলেসহ গ্রামের ১৬ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়। গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার পর্যন্ত তিন দিনে ওই গ্রামের আরও ২৩ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হয়েছে উপজেলা স্বাস্থ্য প্রশাসন।আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাটাবাড়ী গ্রামের লিটন মিয়া, তাঁর স্ত্রী জুলেখা খাতুন ও মা পিয়ারা বেগম; ফজলুল হক, আনজু মনোয়ারা, মোমেনা খাতুন, আছিয়া বেগম, মুর্শিদা খাতুন, বাদশা আকন্দ, সুমি আকতার, জাকিয়া পারভীন, আবদুল লতিফ, সুবর্ণা খাতুন, সান্ত্বনা, জরিনা খাতুন, রাজু আহম্মেদ, পারভিন আকতার, সোহেল রানা, মনোয়ারা খাতুন, সোহাগী খাতুন, ফরিদ উদ্দিন ও শাহজাহান আলী। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা হোসনে ফিরোজা বলেন, অ্যানথ্রাক্স আক্রান্ত গ্রাম পরিদর্শন করে রোগী শনাক্ত করা হয়েছে। চার দিনে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে গত শুক্রবার ঢাকা থেকে ১২ সদস্যের একদল চিকিৎসক ধুনটে গিয়ে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীদের চিকিৎসা করেন। চিকিৎসকদলের প্রধান ইমতিয়াজ আশরাফ চৌধুরী বলেন, অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীদের শরীরে পরীক্ষা-নিরীক্ষা চলছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।