ধুনটে আড়াই হাজার দুস্থ ভিজিডির চাল পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট বা ভিজিডি কার্ডের তালিকা তৈরি নিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যকার দ্বন্দ্বের অবসান হয়নি। এ কারণে তিন মাস ধরে আড়াই হাজারের বেশি দুস্থ পরিবার ভিজিডি সহায়তার চাল পাচ্ছে না।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের দুস্থ ব্যক্তিদের জন্য মোট দুই হাজার ৬৮৬টি ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকাভুক্ত প্রতি সদস্যের জন্য মাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ কার্ডের তালিকা তৈরি করতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা কার্ডের শতকরা ৩৫ ভাগ দাবি করেন। ইউপি চেয়ারম্যানরা তা করতে দিতে অস্বীকার করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী ও ১০টি ইউনিয়নের চেয়ারম্যানসহ দলীয় নেতা-কর্মীর মধ্যে কয়েক দফা বৈঠক হয়। কিন্তু তাঁরা তিন মাসেও কোনো সমঝোতায় আসতে পারেননি। এ কারণে দুই হাজার ৬৮৬টি দুস্থ পরিবার তিন মাস ধরে চাল পাচ্ছেন না।পিআইও আবদুল্লাহেল কাফি বলেন, ‘ভিজিডি কার্ডের তালিকা তৈরি করতে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা-কর্মীর সঙ্গে বৈঠক করে সমন্বয় করার চেষ্টা চলছে। দু-এক দিনের মধ্যে তালিকা জমা নিয়ে চাল বিতরণ করা হবে।’ টি আই এম নুরুন্নবী বলেন, ‘আমি এর সঙ্গে সংশ্লিষ্ট নই। বিষয়টি ভাসাভাসা জানি। তবে দুস্থ ব্যক্তিরা এখনো চাল পাননি এ কথা ঠিক।’