ধুনটে ইউপি সদস্যকে মারলেন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলা কৃষক লীগের সভাপতি ও চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদরত-ই-খুদার বিরুদ্ধে ভিজিএফের ৬৮ বস্তা চাল বিক্রি করে দেওয়া এবং এ ঘটনার প্রতিবাদ করায় এক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নে ২২ হাজার ২৩টি কার্ডের বিপরীতে প্রায় ২২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে চৌকিবাড়ি ইউনিয়নে দুই হাজার ৫০৪টি কার্ডের জন্য ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ ছিল। ঈদের আগে প্রত্যেক কার্ডের অনুকূলে বিনা মূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করার কথা ছিল। ইউপি চেয়ারম্যান ও সদস্যদের তালিকা তৈরির বিধান রয়েছে। কিন্তু ইউপি চেয়ারম্যান একক সিদ্ধান্তে তাঁর দলের নেতা-কর্মী দিয়ে বরাদ্দকৃত কার্ডের ৩০ শতাংশ তালিকা তৈরি করেছেন। সেই হিসাবে চৌকিবাড়ি ইউনিয়নে দলীয় কোটার ৭৫২টি কার্ডের তালিকা তাঁরা করেছেন। কিন্তু দলীয় তালিকার অধিকাংশ কার্ডের নাম ভুয়া ছিল। বিশ্বহরিগাছা গ্রামের বিপ্লব হোসেনসহ কয়েকজন জানান, ১৭ আগস্ট ইউনিয়ন পরিষদের গুদাম থেকে কার্ডধারীদের মাঝে ১০ কেজির স্থলে ৭ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বরাদ্দকৃত চালের মধ্যে অবশিষ্ট ৫০ কেজি ওজনের ৬৮ বস্তা চাল পরিষদের গুদামে রেখে দেওয়া হয়। লোকজন চলে যাওয়ার পর চেয়ারম্যান ওই দিন রাতেই পরিষদের গুদাম থেকে ৬৮ বস্তা চাল তাঁর বাড়ির পাশে দিঘলকান্দি বাজারে এক ব্যবসায়ীর গুদামে নিয়ে যান। পরদিন সকালে চেয়ারম্যান সেখানে ওই চাল বিতরণের ভুয়া মাস্টাররোল তৈরি করে ১ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলামকে স্বাক্ষর করতে বলেন। কিন্তু রফিকুল ইসলাম স্বাক্ষর না করে প্রতিবাদ করেন। এতে চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে রফিকুল ইসলামকে মারধর করেন। রফিকুলের অভিযোগের ভিত্তিতে ইউএনও ১৯ আগস্ট সরেজমিনে তদন্ত করেন। পরে চেয়ারম্যান ওই চাল বিতরণ না করে কৌশলে বিক্রি করেন।ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘এর আগে গত ১৩ আগস্ট রাতে পরিষদের গুদাম থেকে ভিজিডি কার্ডের ৫০ কেজি ওজনের ১৮ বস্তা চাল চেয়ারম্যান গায়েব করেন। এ বিষয়ে প্রথম আলোয় খবর ছাপা হলে চেয়ারম্যান বিপাকে পড়েন। ওই চালের ঘাটতি পূরণ করতে এবার চেয়ারম্যান ভিজিএফ কার্ডের চাল বিতরণ না করে ভুয়া মাস্টাররোলে স্বাক্ষর দিতে বলেন। এতে আমি রাজি না হওয়ায় তিনি আমাকে ১৮ আগস্ট রাতে মারধর করেন।’ ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা বলেন, ‘ভিজিএফ কার্ডের চাল বিতরণে অনিয়ম নিয়ে আমার সঙ্গে দুর্ব্যবহার করায় স্থানীয় জনগণ ওই সদস্যের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। তখন জনগণের আক্রমণ থেকে রক্ষার জন্য তাঁকে দুটি চড় মেরে শাসন করা হয়েছে।’ উপজেলা ইউএনও ফিরোজ শাহ বলেন, ‘ইউপি সদস্যের মৌখিক অভিযোগের ভিত্তিতে চাল আত্মসাতের ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। লিখিত কোনো অভিযোগ না থাকায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না।’