ধুনটে ইউপির দুই সদস্যের মধ্যে সংঘর্ষ, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার-সহায়তা প্রকল্প (এলজিএসপি) নিয়ে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্য ও তাঁদের অনুসারীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত দুই ব্যক্তিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের বেড়েরবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এলজিএসপি প্রকল্পের আওতায় উপজেলার ১০টি ইউনিয়নে এক কোটি ৫৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে নিমগাছি ইউপির জন্য বরাদ্দ দেওয়া হয় ১৩ লাখ ৭৯ হাজার টাকা।
প্রকল্পগুলো বাস্তবায়ন করতে ইউপির চেয়ারম্যান ১২ জন সদস্যের মধ্যে নয়জনকে দায়িত্ব দেন। ১ নম্বর ওয়ার্ডের সদস্য নবাব আলীকে এক লাখ ৯০ হাজার টাকা দেওয়া হয়। ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফেরদৌস হাসানকে কোনো প্রকল্প দেওয়া হয়নি। ফেরদৌস হাসান তাঁর এলাকা থেকে কয়েকজন ব্যক্তির তালিকা করে নবাব আলীকে নলকূপ দিতে বলেন। কিন্তু নবাব আলী তাতে রাজি হননি। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বেড়েরবাড়ী বাজার এলাকায় তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ওই দুই ব্যক্তি ও তাঁদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফেরদৌস ও তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি আহত হন। এ ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে।