ধুনটে ইজতেমা শেষ
বগুড়ার ধুনটে দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা গতকাল শনিবার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। উপজেলার সরুগ্রাম উচ্চবিদ্যালয়ের মাঠে তিন দিনব্যাপী এই ইজতেমা হয়।ভ্রাতৃত্ববোধ, জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও উন্নয়ন কামনায় তাবলিগ জামাতের আয়োজনে দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লি এতে অংশ নেন। ইজতেমায় বিভিন্ন দেশের ওলামা ও ইসলামি চিন্তাবিদেরা আলোচনা করেন। দেশের বিভিন্ন জেলা ছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ইরাক, ইরান, দক্ষিণ আফ্রিকাসহ অনেক দেশ থেকে মুসল্লিরা ইজতেমায় সমবেত হয়েছিলেন।ইজতেমার আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবীর বলেন, গত বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হয়। শনিবার আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক। প্রতিবছরের মতো এবারও সুশৃঙ্খল পরিবেশে দেশের এই দ্বিতীয় বৃহত্তম ইজতেমা সম্পন্ন হয়েছে।