ধুনটে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বালিকাবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই সন্তানের জনক ইব্রাহীম হোসেন (২৭) নামের এক বখাটেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরকাদহ গ্রামের হযরত আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ হারুন এ রায় দেন।ধুনট থানার পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার চর ধুনট গ্রামের কাঠমিস্ত্রি ইব্রাহীম তাঁর দোকানের সামনে দিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই বালিকাবধূকে অশ্লীল কথা বলতেন। স্কুলছাত্রী বালিকাবধূ বিষয়টি তার স্বামীকে অবগত করে। স্বামী রফিকুল ইসলাম বাদী হয়ে গতকাল সকালে ধুনট থানায় তিন বখাটের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ইব্রাহীম হোসেনকে তাঁর ফার্নিচারের দোকান থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের কাছে ইব্রাহীম দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দণ্ডবিধির ৫০৯ ধারায় এ রায় দেন।থানার ওসি তোজাম্মেল হক বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহীমকে কারাগারে প্রেরণ করেছি। এ ছাড়া অন্য দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছি।’