ধুনটে এক সপ্তাহে ১৯ বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটের কৈয়াগাড়ী গ্রামে গত এক সপ্তাহে আগুন লেগে ১৯ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার ধরন একই হলেও এখনো অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি কেউ। রহস্য উদ্ধার করতে না পেরে আগুন লাগাকে অলৌকিক বলে ধরে নিয়ে ঝাড়ফুঁকসহ রাত জেগে নিজেদের বাড়িঘর পাহারা দিচ্ছে দরিদ্র গ্রামবাসী।
গত শনিবার উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের যমুনা নদী তীরের কৈয়াগাড়ী গ্রামে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামটিতে দেড় থেকে দুই হাজার পরিবার আছে। এরা সবাই যমুনার ভাঙনের শিকার হয়ে বিভিন্ন গ্রাম থেকে কৈয়াগাড়ী বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। এসব পরিবারের লোকজন কেউ দিনমজুর, কেউ রিকশা চালান, কেউ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। অভাব আর অশিক্ষা তাঁদের সঙ্গী। এই অবস্থায় ১০ এপ্রিল রাত নয়টার দিকে হঠাৎ গ্রামের শফিকুল ইসলাম, হায়দার আলী ও বিশা সরকারের বাড়িতে আগুন লাগে। ধুনট ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণের আগেই সব পুড়ে যায়। এর পর থেকে ১৭ এপ্রিল পর্যন্ত গ্রামের আরও ১৬ বাড়িতে আগুন লাগে।
গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ইয়াকুব আলী বলেন, অগ্নিকাণ্ডের শিকার এসব পরিবারের কারও একটি ঘর, কারও আসবাবসহ পুরো বাড়িঘর, কারও আবার খড়ের পালা কিংবা ঘরের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত হায়দার আলী বলেন, গ্রামের সবাই বলছে, জিন-পরি এই গ্রামের মানুষের ওপর ক্ষিপ্ত হয়ে বাড়িঘরে আগুন দিচ্ছে। তাই ইছাহাক আলী নামের এক কবিরাজকে ডেকে এনে পানিপড়া ও মন্ত্র দিয়ে গ্রাম বন্ধ করিয়েছেন।
গ্রামের খাজর আলী বলেন, ‘এসব ঘটনার পর থাইকা নিজেগোর ঘর বাঁচানোর লাইগা গ্রামের সবাই মিলা রাত জাইগা পাহারা দেই। তার পরও¦গত সোমবার বিকেলবেলা আমার ঘর পুড়ছে। তাই গত শুক্কুরবারদিন গ্রামের মসজিদে বিশেষ মোনাজাত কইরা সবাই মিলা মোমবাতি দেওয়া মানত করছি।’
ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম বলেন, প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনা সকাল ১০টার পর থেকে রাত ১০টার মধ্যে ঘটেছে। অনেক সোর্স লাগিয়েও এর রহস্য উদ্ঘাটন করা যায়নি। গ্রামবাসীর মতে ঘটনাটি অলৌকিক।
ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ইয়াকুব আলী বলেন, ‘তিনটি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু এসব অগ্নিকাণ্ডের কারণ উদ্ধার করা সম্ভব হয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, ‘এলাকা পরিদর্শন করেছি। এটা অলৌকিক কিছু না। আতঙ্ক ছড়াতেই কোনো কুচক্রী মহল একের পর এক এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’