ধুনটে এনজিও কার্যালয়ে তালা, কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার বেসরকারি প্রতিষ্ঠান ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্পের (ডিআইডিপি) কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার জমিদাতারা সংস্থার কার্যালয় ও কর্মকর্তাদের বাসাবাড়িতে তালা লাগিয়ে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।ডিআইডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে কয়েকটি দাতা দেশের অর্থায়নে ব্রাদার উইলিয়াম নামের এক ব্যক্তি ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামে জনকল্যাণমূলক এ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেন। তাঁর এ উদ্যোগ দেখে গ্রামের মোকারম আলী, আবদুল আজিজ ও নিজাম উদ্দীন প্রতিষ্ঠানের নামে ৭১ শতক জমি দলিল করে দান করেন। এ জমিতে সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসা, মালামাল রাখার গুদাম ও অফিসঘর তৈরি করা হয়। এলাকার হতদরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে সংস্থা গবাদিপশু পালন, বৃক্ষরোপণ, কুটিরশিল্প, বিনা মূল্যে খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম চালু করে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে যোগাযোগব্যবস্থার উন্নয়নে কালভার্ট ও সেতু নির্মাণ এবং বাঙ্গালী নদীর পাড়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। স্থানীয় প্রায় ৩০০ বেকার তরুণ-তরুণী এই সংস্থায় চাকরি পায়। এলাকায় এ সংস্থার ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে। কিন্তু পাঁচ বছর ধরে ধীরে ধীরে জনকল্যাণমূলক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এতে এলাকার প্রায় ১০ হাজার দুস্থ মানুষ সংস্থার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে এলাকার তরুণ-তরুণীদের সংস্থার চাকরি থেকে ছাঁটাই করা হয়।অভিযোগ উঠেছে, তাঁরা জনকল্যাণমূলক কাজের পরিবর্তে বাণিজ্যিক ভিত্তিতে বিস্কুট, চানাচুর, চকলেট, কাপড় তৈরিসহ বিভিন্ন কারখানা গড়ে তুলে লাখ লাখ টাকা আয় করছেন। এতে করে ওই সংস্থার নামে জমিদাতারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।মাটিকোড়া গ্রামের জমিদাতা মকররম আলীর ছেলে আবদুস ছবুরের নেতৃত্বে অন্যরা ঐক্যবদ্ধ হয়ে গতকাল সকাল ছয়টায় সংস্থার অফিসসহ বিভিন্ন বাসাবাড়িতে তালা ঝুলিয়ে দেন। ফলে সংস্থার সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আবদুস ছবুর বলেন, ‘এলাকায় সামাজিক ও জনকল্যাণমূলক কাজের শর্তে আমার বাবাসহ তিনজন এ প্রতিষ্ঠানের নামে জমি লিখে দিয়েছেন। বর্তমানে প্রতিষ্ঠানটি জনগণের উপকার না করে বাণিজ্য করছে। এ কারণে আমরা তালা লাগিয়ে দিয়েছি। জনকল্যাণমূলক কাজ না করা পর্যন্ত তালা খুলে দেওয়া হবে না।’ডিআইডিপির ব্যবস্থাপক আবদুর রউফ বলেন, ‘আর্থিক সংকটের কারণে সংস্থার কার্যক্রম কমে গেছে। এতে ক্ষুব্ধ হয়ে জমিদাতার ছেলেরা অফিসে তালা দিয়েছেন। বাণিজ্যিকভাবে লাভবানের কোনো কাজ আমরা করছি না। বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছি।’