ধুনটে ওএমএসের চাল খেতে পারে না মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে খাদ্য অধিদপ্তর পরিচালিত খোলাবাজারের (ওএমএস) চাল এত নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত যে তা মানুষ খেতে পারছে না। গরু, ছাগল ও হাঁস-মুরগির খাবার হিসেবে এগুলো এখন ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছেন খোলাবাজার থেকে চাল কেনা স্বল্প আয়ের মানুষ।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২১ মার্চ থেকে সরকার স্বল্প আয়ের মানুষের খাদ্যনিরাপত্তা দিতে খাদ্য অধিদপ্তর পরিচালিত খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কর্মসূচি হাতে নিয়েছে। এ কার্যক্রম পরিচালনার জন্য বগুড়ার ধুনটে প্রতিটি ইউনিয়নে একজন ও উপজেলা সদরে পাঁচজন করে মোট ১৫ জন বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়। সপ্তাহে ছয় দিন হিসাবে ইউনিয়ন প্রতিনিধিরা ১ হাজার কেজি ও উপজেলা প্রতিনিধিরা ১ হাজার ৫০০ কেজি করে চাল তুলতে পারেন। বিক্রয় প্রতিনিধিরা এই চাল সরকারি খাদ্যগুদাম থেকে প্রতি কেজি ১৩ টাকা ৫০ পয়সা দরে কিনে ১৪ টাকা ১০ পয়সা করে বিক্রি করতে পারবেন বলে অনুমতি দেওয়া আছে। আর প্রতিটি পরিবার নিজ এলাকার প্রতিনিধির কাছ থেকে প্রতিদিন এক থেকে পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন। কিন্তু এই চাল নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত হওয়ায় স্বল্প আয়ের মানুষ খোলাবাজার থেকে তা কিনছেন না। তাঁরা বাজারে ৩২ টাকা করে বিক্রি হওয়া মোটা চাল কিনতে বাধ্য হচ্ছেন। ফলে খোলাবাজারের চাল বিক্রির প্রতিনিধিরা সরকারি খাদ্যগুদাম থেকে চাল তুলে তা স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছেন। এসব ব্যবসায়ী সেই চাল নিয়ে গরু, ছাগল, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে খামারি ও চাষিদের কাছে বিক্রি করে দিচ্ছেন।
খোলাবাজারে চাল বিক্রির অন্তত ৮ থেকে ১০ জন প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা যায়, গুদাম থেকে তোলা চাল এতই নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত যে সারা দিন বসে থেকেও এক কেজি চালও কেউ খাওয়ার জন্য কেনেন না। তাই সরকারি কর্মসূচি চালু রাখতে প্রতিনিধি হিসেবে নিয়মিত চাল তুলে তা ব্যবসায়ীদের কাছে তাঁরা বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।
ধুনট বাজারের ব্যবসায়ী ও পৌর আওয়ামী লীগের সভাপতি আশিকুর রশিদ বলেন, ‘মানুষ এই চাল খায় না। তাই আমরা সরকারি প্রতিনিধিদের কাছ থেকে খোলাবাজারের চাল কিনে অন্য এলাকার গরু, ছাগল ও হাঁস-মুরগি পালনকারী এবং মাছচাষিদের কাছে বিক্রি করছি।’
ধুনট উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম গত বুধবার বলেন, বস্তায় ভরে গুদামে আবদ্ধ জায়গায় চালগুলো রাখা হয়। এ রকম গুমট পরিবেশে থাকায় কিছুদিনের মধ্যেই চালগুলো দুর্গন্ধযুক্ত হয়ে পড়ে। পরে যখন বাজারে ছাড়া হয় তখন আর মানুষ এই চাল খেতে পারে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রয়-বিক্রয় কমিটির সভাপতি হাফিজুর রহমান গতকাল বৃহস্পতিবার বলেন, ‘খাদ্যগুদামের চাল দুর্গন্ধের কারণে খোলাবাজারে বিক্রি না হওয়ার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’