ধুনটে কর্মসংস্থান কর্মসূচির ৩৫ শ্রমিকের মজুরি কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক দিয়ে এলজিইডির নির্মাণাধীন রাস্তায় কাজ করানোর অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ৩৫ জন শ্রমিকের তিন দিনের মজুরির ১৮ হাজার ৩৭৫ টাকা কেটে নেওয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, ২০১১-১২ অর্থবছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (দ্বিতীয় পর্যায়) উপজেলার ১০টি ইউনিয়নে গত ১৬ এপ্রিল থেকে কাজ চলছে। এ অবস্থায় চৌকিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি কুদরত-ই-খুদা কর্মসংস্থান কর্মসূচির ৩৫ জন শ্রমিক দিয়ে গত শনিবার থেকে সোমবার পর্যন্ত মোট তিন দিন এলজিইডির নির্মাণাধীন একটি রাস্তায় মাটি ভরাটের কাজ করেছেন। শ্রমিকসর্দার কাজেম উদ্দিন বলেন, ‘চেয়ারম্যান আমাইগরে কাম দিয়েছেন; তিনি মজুরি দেন। তাই চেয়ারম্যানের কথামতো কাজ করছি। তবে সেটা কোন রাস্তা তা বলতে পারি না।’ কর্মসূচির প্রকল্পের সভাপতি চৌকিবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘আমি চেয়ারম্যানের অধীনে কাজ করি। আমি প্রকল্পের সভাপতি হলেও এ বিষয়ে কিছুই করার নেই। আমি শ্রমিকদের নিষেধ করেছিলাম। কিন্তু সে কথা কেউ মানেনি।’ চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি কুদরত-ই-খুদা জানান, কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক দিয়ে যে কাজ করা হচ্ছে, সে জন্য এলজিইডির রাস্তার ঠিকাদারের সঙ্গে তাঁর কোনো চুক্তি নেই। তিনি দাবি করেন, সিসি ব্লক ফেলে নদীভাঙনের হাত থেকে রাস্তা ও দুটি বিদ্যালয়সহ গ্রামটি রক্ষা করতে সেখানে মাটি ভরাটের কাজ করছেন। কর্মসৃজন কর্মসূচির প্রকল্পের কোনো শ্রমিক তিনি ঠিকাদারের কাজ করার জন্য নিয়োগ করেননি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহেল কাফি জানান, কর্মসংস্থান কর্মসূচির ৩৫ জন শ্রমিক দিয়ে তিন দিন এলজিইডির রাস্তায় মাটি ভরাটের কাজ করার বিষয়টি গত সোমবার তদন্তে প্রমাণিত হয়েছে। তাই তাদের মজুরির ১৮ হাজার ৩৭৫ টাকা কাটা হয়েছে।