ধুনটে কলেজের অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছেন আ.লীগ নেতা
বগুড়ার ধুনটের গোসাইবাড়ি মহিলা কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন আওয়ামী লীগের একজন নেতা। অধ্যক্ষকে কলেজে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। কলেজ পরিচালনা কমিটির সভাপতির পদ না পেয়ে ক্ষুব্ধ হয়ে তিনি এ কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অধ্যক্ষ গত শুক্রবার ধুনট থানায় অভিযোগ দায়ের করেছেন। থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান গোসাইবাড়ি মহিলা কলেজের সভাপতি মনোনয়নের জন্য সাবেক সাংসদ শাহজাহান আলী তালুকদারের নাম প্রস্তাব করেন। এ ব্যাপারে গত ৪ জুন রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে সাংসদ ডিও লেটার (সরবরাহ অনুমতি পত্র) পাঠান। বোর্ডের চেয়ারম্যান গত ১৫ জুন শাহজাহান আলী তালুকদারকে সভাপতি মনোনীত করে কলেজের অধ্যক্ষকে চিঠি দেন। ওই কমিটির সভাপতি পদের জন্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম আগ্রহী ছিলেন। কিন্ত শফিকুল ইসলামকে সভাপতির পদ না দিয়ে কমিটির সদস্য করা হয়েছে। এতে তিনি ক্ষুব্ধ হন। গত বৃহস্পতিবার সকালে শফিকুল ইসলাম, যুবলীগের নেতা জুয়েল আহম্মেদ ও ভান্ডারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির নেতা বেলাল হোসেনসহ ১০-১২ জন কলেজে গিয়ে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ সময় তাঁরা অধ্যক্ষকে কলেজে না পেয়ে মুঠোফোনে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। আওয়ামী লীগের নেতা শফিকুল ইসলাম জানান, কলেজে তালা লাগানো হয়নি। কলেজের অর্থ আত্মসাতের অভিযোগ থেকে রক্ষা পেতে অধ্যক্ষ কৌশল অবলম্বন করেছেন। তাঁকে কেউ হুমকি দেয়নি।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, অধ্যক্ষের কক্ষে তালা লাগানোর ঘটনায় শফিকুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে অধ্যক্ষ অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।