প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে দুই ব্যবসায়ীকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাত আটটার দিকে ধুনট উপজেলার ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মুহাম্মাদ ইব্রাহীম এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আবদুল জলিলের ছেলে আলমগীর হোসেন (৩০) ও একই গ্রামের আবদুল হাকিমের ছেলে আবদুর রহিম (৩০)। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, বাঙ্গালী নদীর বিলচাপড়ি-রাঙ্গামাটি ঘাট এলাকা থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন আলমগীর ও আবদুর রহিম। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ওই দুই বালু ব্যবসায়ীকে আটক করে দুই মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ধুনট (বগুড়া) প্রতিনিধি