ধুনটে কালভার্টের মুখে বাঁধ দিয়ে পুকুর খনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় কালভার্টের মুখে বাঁধ দিয়ে পুকুর খনন করেছেন এক ব্যবসায়ী। এ কারণে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় উপজেলার তিন গ্রামের কৃষকের এক হাজার একর জমির রোপা আমন ধান নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে বেলাল হোসেন নামের এক শিক্ষক গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোঁসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী, বাকশাপাড়া, বড়বিলা গ্রামের কৃষকদের পুরাতন, কাতুলি, সোনাইডাঙ্গা ও নাটাবাড়ীদোপা বিলের মাঠে প্রায় এক হাজার একর ফসলি জমি আছে।বর্ষায় সময় এই জমির পানি ধুনট-গোঁসাইবাড়ী রোডের বাকশাপাড়ার কাছের একটি কালভার্টের নিচ দিয়ে মানাশ নদে চলে যায়। ছয় মাস আগে বড়বিলা গ্রামের সবুজ সরকার সোনাইডাঙ্গা বিলের মধ্যে ছয় একর জমিতে পুকুর খনন করে পাড় নির্মাণ করায় কালভার্টের মুখ বন্ধ হয়ে গেছে। এ কারণে সম্প্রতি হওয়া বৃষ্টির পানি সরতে না পারায় ওই চারটি বিলের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মাঠের এক হাজার একর জমির রোপা আমন ধানের গাছ নষ্ট হয়ে যাচ্ছে।সবুজ সরকার বলেন, ‘আমি পুকুরটি খোকা মিয়া নামের এক ব্যবসায়ীর কাছে ইজারা দিয়েছি। ওই বিলগুলোর মাঠে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয়, সে জন্য পুকুর খননের সময় দুই পাড়ে ছোট ছোট তিনটি কালভার্ট নির্মাণ করা রয়েছে। কিন্তু খোকা মিয়া এসব কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি তাঁকে কালভার্টের মুখ খুলে দিতে বলেছি।’খোকা মিয়া জানান, তিনি তিন বছরের জন্য ছয় লাখ টাকা দিয়ে পুকুর ইজারা নিয়ে মাছ ছেড়েছেন। পুকুরের মধ্য দিয়ে পানি সরানোর ব্যবস্থা করলে মাছ ও মাছের খাদ্য বেরিয়ে যাবে। এতে তাঁর ক্ষতি হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়ে কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অভিযোগ পেয়ে গত বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কাল শনিবারের মধ্যে পুকুরের মুখ খুলে দিয়ে মাঠের পানি বের করে না দিলে তাঁদের (পুকুরের মালিক ও ইজারাদার) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।