ধুনটে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুলশিক্ষকের জমির আইলে লাগানো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চর খাদুলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুর রশিদ তাঁর স্কুলে ও নিজের জমির আইলে প্রায় দুই বছর আগে ৩০০ ইউকেলিপটাস গাছ লাগান। এরপর কে বা কারা কয়েকটি গাছ কেটে ফেলে। দুই মাস আগে প্রথম দফায় নয়টি, দ্বিতীয় দফায় ২৬টি এবং গত সোমবার গভীর রাতে আরও ২৬টি গাছ কেটে ফেলে। এ ছাড়া ২৯ মার্চ রাতে দুর্বৃত্তরা ঘরে সিঁধ কেটে ভেতরে ঢুকে আবদুর রশিদকে হত্যার চেষ্টা করে। এ সময় শিক্ষক টের পেয়ে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে পড়েন। ঘটনার দিন শিক্ষক একাই বাড়িতে ছিলেন। প্রতিবেশী জহুরুল ইসলাম জানান, ‘ওই রাতে আমরা আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।’ শিক্ষক আবদুর রশিদ জানান, কারা গাছগুলো কেটে ফেলছে, তার সঠিক কোনো ধারণা করতে পারছেন না তিনি। ধুনট থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহজাহান পাশা জানান, ওই শিক্ষক থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।