ধুনটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় আছিয়া খাতুন (৩৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনা নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের হাতে ওই গৃহবধূর স্বামী আবুল কালাম আজাদ ও তাঁর পরিবারের লোকজন মারধরের শিকার হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে ধুনট বাজারের ঢেউটিন ব্যবসায়ী আবুল কালাম আজাদের সঙ্গে আছিয়া খাতুনের বিয়ে হয়। গত সোমবার রাতে আছিয়া তাঁর সন্তানদের নিয়ে বাসার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। পাশের কক্ষে ঘুমিয়েছিলেন আবুল কালাম আজাদ। গভীর রাতে আছিয়া অসুস্থ হয়ে পড়েন। রাত দুইটার দিক আছিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ওই রাতে গৃহবধূর বাবা আবদুর রহমান মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে ধুনট বাজারে জামাতার বাসায় আসেন। এরপর মঙ্গলবার সকালে ধুনট বাসা থেকে মেয়ের লাশ নিয়ে আবদুর রহমান বিলচাপড়ি গ্রামের নিজ বাড়ি ফিরে যান। বেলা সাড়ে নয়টায় আবুল কালাম আজাদ ও তাঁর পরিবারের লোকজন শ্বশুরবাড়ি বিলচাপড়ি গ্রামে যান। এ সময় তাঁর শ্বশুরবাড়ির লোকজন আবুল কালামের বিরুদ্ধে আছিয়াকে হত্যার অভিযোগ করেন এবং তাঁদের মারধর করেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উভয় পরিবারের মধ্যে সমঝোতার মাধ্যমে বেলা দুইটায় লাশ দাফনের ব্যবস্থা করেন।আবুল কালাম আজাদ বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে গ্রামের কিছু লোক স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে হত্যা করা হয়েছে বলে অপপ্রচার করেছে। এতে শ্বশুরবাড়ির লোকজন ভুল বুঝে আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে।’ ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। এ কারণে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।