ধুনটে ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়ার ধুনটে রোববার রাতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্বামীর নির্যাতনের ২৬ ঘণ্টা পর ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।পুলিশ ও এলাকাবাসী জানান, চৌকিবাড়ী ইউনিয়নের টেংরাখালী গ্রামের বান্ধব চন্দ্রের সঙ্গে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্চা গ্রামের অধীর চন্দ্রের মেয়ে চায়না রানীর প্রায় ছয় বছর আগে বিয়ে হয়। তাঁদের একটি ছেলেসন্তান রয়েছে। ঋণগ্রস্ত ভূমিহীন স্বামী স্ত্রীর ভরণ-পোষণ চাহিদামতো দিতে পারেননি। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এ কারণে চায়নাকে বিভিন্ন সময় স্বামীর নির্যাতন সইতে হয়েছে।এলাকাবাসী জানান, এসব নিয়ে শনিবার সকালে দুজনের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। তখন স্ত্রীকে মারধর করে বান্ধব চন্দ্র কাজের উদ্দেশে বাইরে যান। তাঁদের ধারণা, এ কারণে চায়না রানী শোবার ঘরে আত্মহত্যা করেন।বিষয়টি পুলিশকে না জানিয়ে দুই পরিবারের মধ্যে দেনদরবার চলছিল। আত্মহত্যার ২৬ ঘণ্টা পর পুলিশ চায়নার লাশ উদ্ধার করে গতকাল সোমবার সকালে হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে বান্ধব চন্দ্র ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন।থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। চায়নার লাশ উদ্ধার করে বগুড়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাচ্ছে না।