ধুনটে চার সংস্থার অবৈধ ব্যাংকিং কার্যক্রম
অনুমোদন ছাড়াই বগুড়ার ধুনট উপজেলায় চারটি বেসরকারি সংস্থা (এনজিও) ক্ষুদ্রঋণ ও ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছে। আর এভাবে তারা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।সরকারি নিয়ম অনুযায়ী ব্যাংকিং কার্যক্রমের জন্য কোনো প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের জন্য ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) অনুমোদন নিতে হয়। কিন্তু ওই চারটি সংস্থা এ দুটির কোনোটিরই অনুমোদন নেই।সরেজমিন পরিদর্শন ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা সদরের বিভিন্ন এলাকায় এসব সংস্থা অবৈধ ব্যাংকিং ও ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে। ২০০৪ সালে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি পৌরবাজার এলাকায় একটি প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী কিস্তিতে বিক্রি করতেন। ২০০৬ সালে তিনি এলাকায় ক্ষুদ্রঋণের ব্যবসা শুরু করেন। পরে ডাইম ডেভেলপমেন্ট সোসাইটি (ডিডিএস) নামের একটি বেসরকারি সংস্থা গড়ে তোলেন তিনি। একপর্যায়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন মেয়াদের ডিপিএসের মাধ্যমে মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ ও ক্ষুদ্রঋণ বিতরণ শুরু করে। বর্তমানে এই সংস্থাটির তিন হাজার আমানত জমাকারী ও দুই হাজার ঋণগ্রহীতা রয়েছে।ডিডিএসের কাছে অর্থ আমানত রেখেছেন—এমন কয়েকজন অভিযোগ করেন, তাঁরা বর্তমানে টাকা উত্তোলনের চেষ্টা করলেও তাঁদের টাকা দেওয়া হচ্ছে না। অভিযোগ অস্বীকার করলেও বাংলাদেশ ব্যাংক ও এমআরএর অনুমোদন না থাকার কথা স্বীকার করে ডিডিএসের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম বলেন, তাঁরা জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন নিয়েছেন। কাজীপুর উপজেলার পালনকান্দি গ্রামের এম এস আলী এক বছর আগে ধুনট উপজেলার অফিসারপাড়া এলাকায় প্রাপ্তি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামের একটি এনজিও গড়ে তুলেছেন। প্রতিষ্ঠানটির ঋণগৃহীতার সংখ্যা বর্তমানে প্রায় এক হাজার। এম এস আলী বলেন, ‘আমি শুধু ধুনট বাজার এলাকায় ব্যবসায়ীদের ঋণ দিয়ে আসছি। এ কাজ করতে কোনো অনুমতি নেইনি।’এক বছর আগে ভান্ডারবাড়ী গ্রামের রফিকুল ইসলাম ভরনশাহী গ্রামের কাছে রাস্তার পাশে শিখা মানবিক উন্নয়ন সংস্থা নামের একটি সাইনবোর্ড ঝুলিয়ে আমানত সংগ্রহ ও ঋণ কার্যক্রম চালু করে। এই সংস্থাটির বর্তমান সদস্যসংখ্যা প্রায় দুই হাজার।জিনজিরতলা গ্রামের পপি খাতুন এই সংস্থায় প্রতি সপ্তাহে ৩০ টাকা করে জমা দেন। এক বছর পর লাভসহ টাকা ফেরত দেওয়ার কথা। পপি খাতুন অভিযোগ করেন, এক বছর পেরিয়ে গেলেও তাঁর টাকা ফেরত দেওয়া হচ্ছে না। অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘আমরা উপজেলা সমাজসেবা থেকে নিবন্ধন করেছি।’এ ছাড়া ধুনট থানা সড়কের পাশে দুই মাস ধরে আবুল বাসার সিদ্দিকী নামের এক ব্যক্তি আইসিএস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামের একটি সাইনবোর্ড ঝুলিয়ে একই কাজ করে আসছেন। আবুল বাসার বলেন, ‘সমবায় অধিদপ্তর থেকে অনুমতি নিয়ে পণ্য বিক্রির পাশাপাশি সদস্যদের কাছ থেকে বিভিন্ন মেয়াদে ডিপিএসের টাকা জমা রাখছি।’ ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবাইদুল হক জানান, শিখা মানবিক উন্নয়ন সংস্থা তাঁদের কাছ থেকে নিবন্ধন নিয়েছে। কিন্তু তাদের ঋণ কার্যক্রম করার কোনো অনুমতি নেই। জেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ডিডিএসের ঋণ কার্যক্রম চালানোর কোনো অনুমতি নেই। খোঁজ নিয়ে তাদের এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্য দুটি প্রতিষ্ঠান সমবায় অধিদপ্তর দেখবে।ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি বলেন, উপজেলার কয়েকটি সংস্থা অনুমোদন ছাড়াই ব্যাংকিং ও ঋণ কার্যক্রম চালাচ্ছে—এমন অভিযোগ তাঁর কাছে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।