ধুনটে চাল পায়নি ৩০০ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ঈদ উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল গোসাইবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ করতে পারেননি। ফলে ওই ইউনিয়নের ৩০০ পরিবার চাল না পেয়ে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। ওই পরিবারগুলোর জন্য বরাদ্দ তিন মেট্রিক টন চাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদের গুদামে মজুদ রেখেছেন। তিনি বলেছেন, তালিকা তৈরিতে জটিলতা দেখা দেওয়ায় ওই চাল বিতরণ করা যায়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নে ১৪ হাজার ৫০০ দুস্থ পরিবারের জন্য ঈদ উপলক্ষে ভিজিএফের এক হাজার ৪৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে গোসাইবাড়ী ইউনিয়নে এক হাজার ৫০০ ভিজিএফ কার্ডের বিপরীতে ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ ছিল। ওই চাল ঈদের আগেই দুস্থদের মধ্যে বিতরণ করার কথা। ইউপি চেয়ারম্যান গত ২৮ আগস্ট এক হাজার ২০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন। ভিজিএফ কার্ডের তালিকা তৈরিতে জটিলতার অজুহাত দেখিয়ে বাকি ৩০০ পরিবারের জন্য বরাদ্দ তিন মেট্রিক টন চাল বিতরণ না করে তিনি ইউপির গুদামে মজুদ রেখেছেন। এ দিকে তালিকা তৈরি না হওয়ায় ওই চাল বিতরণ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভিজিএফ কার্ডের তালিকা তৈরিতে জটিলতার সৃষ্টি করেছে। স্বচ্ছ তালিকা না হওয়ায় ৩০০ কার্ডের চাল ঈদের আগে বিতরণ করা সম্ভব হয়নি। বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানিয়েছি। তালিকা তৈরির জটিলতা নিরসন করে কয়েক দিনের মধ্যে চাল বিতরণ করা হবে।গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যানের অভিযোগ ঠিক নয়। গরিবের চাল বিতরণ করতে ব্যর্থ হয়ে তিনি এসব অভিযোগ করছেন।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহেল কাফী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ভিজিএফ কার্ডের চাল বিতরণ না করায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি বলেন, ঈদের আগে গরিব পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ না করে চেয়ারম্যান অমানবিক কাজ করেছেন। এ ব্যাপারে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।