ধুনটে চিকিত্সার নামে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগ সারাতে গরুর চোয়ালের হাড় গরম করে মুখগহ্বরে প্রবেশ করিয়ে চলছে চিকিত্সা। এতে ঠোঁট, জিহ্বা ও মুখগহ্বর ঝলসে যাওয়ায় রোগী বারবার মূর্ছা যাচ্ছেন। রোগ সারাতে শরীরে ভূত হাজির করে চিকিত্সার নামে নির্যাতন চালাচ্ছেন বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের কথিত এক নারী কবিরাজ। গত সোমবার রাতে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের ওমর ফারুকের স্ত্রী এক সন্তানের জননী ববিতা খাতুন (১৮) কয়েক দিন থেকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। হঠাত্ করে অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকজন ভূতের আছর পড়েছে ভেবে চিকিত্সকের কাছে না গিয়ে কবিরাজি চিকিত্সার জন্য একই ইউনিয়নের শৈলমারী গ্রামের কবিরাজ ইয়ারুন বিবিকে ডাকা হয়। রোগ সারাতে সোমবার রাতে ইয়ারুন বিবি ওই গৃহবধূর শরীরে ভূত হাজির করানোর কথা বলে মৃত গরুর চোয়ালের হাড় আগুনে গরম করে মুখে লাগিয়ে দেন। এতে কয়েক দফা জ্ঞান হারিয়ে ফেলেন ওই গৃহবধূ। একইভাবে রাত আটটা থেকে দুইটা পর্যন্ত কয়েক দফায় গরম হাড়ের সেঁকা দেওয়ায় ববিতার ঠোঁট, মুখ ও জিহ্বা ঝলসে যায়।গৃহবধূর শ্বশুর জামাত আলী বলেন, ‘আমি বাড়িতে না থাকায় গ্রামের লোকদের কথামতো আমার ছেলে ওই কবিরাজকে বাড়িতে ডেকে এনেছে। কবিরাজ চিকিত্সার নামে এ ধরনের নির্যাতন করবে তা কেউ বুঝতে পারেনি।’কবিরাজ ইয়ারুন বিবি বলেন, ‘আমার সঙ্গে ছয়জন জিন-পরি আছে। আমি জিন-পরিকে রোগীর ওপর হাজির করে চিকিত্সা দিই। ভূত মরা গরুর পোড়া হাড় সইতে পারে না। এ কারণে আমি গরুর হাড় পোড়া দিয়ে রোগীর মুখে কয়েক দফা সেঁকা দিই। এ সেঁকার কারণে ভূত রোগীকে ছেড়ে চলে যায়। আর রোগী ভালো হয়ে ওঠে। অনেক দিন ধরেই ভূতের আছর পাওয়া রোগীকে চিকিত্সা দিয়ে ভালো করেছি। তবে জিন-পরিদের খাওয়ানোর জন্য সামান্য কিছু টাকা-পয়সা নিয়ে থাকি।’এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ তারেক বলেন, ‘ইয়ারুন বিবি অনেক দিন ধরেই অর্থের বিনিময়ে এ ধরনের কবিরাজি করছেন। আমার কাছে তাঁর বিরুদ্ধে অনেক ভণ্ডামির অভিযোগ রয়েছে। এ কারণে আমি তাঁকে অনেকবার এ কাজে নিষেধ করেছি।’ নলডাঙ্গা গ্রামের পল্লিচিকিত্সক রেজাউল ইসলাম জানান, ‘গরুর গরম হাড় মুখে দেওয়ায় রোগীর ঠোঁট, মুখ ও জিহ্বা ঝলসে গেছে। আমি প্রাথমিকভাবে ব্যথানাশক ওষুধ দিয়ে উন্নত চিকিত্সার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরামর্শ দিয়েছি।’ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক রামপদ সূত্রধর জানান, শরীরে আগুনের সেঁকা দেওয়া কোনো চিকিত্সাশাস্ত্রে পড়ে না। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।