ধুনটে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে পরিষদ বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকারের বিরুদ্ধে ভিজিডি কার্ড বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সদস্যরা পরিষদ বর্জন করছেন। এসব অনিয়ম অভিযোগের বিচার দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ভিজিডি কর্মসূচির আওতায় উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের জন্য ২৬০টি ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। কার্ডধারী সদস্যরা দুই বছরের জন্য প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। এসব কার্ড পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের জনসংখ্যার ওপর ভিত্তি করে হতদরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করার নিয়ম ছিল। তবে পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার এসব নিয়মনীতি উপেক্ষা করে তিনি একাই অর্থের বিনিময় তালিকা করে এই কার্ড বিতরণ করেছেন। তা ছাড়া বয়স্ক ও মাতৃত্বকালীন ভাতা একই পন্থায় বিতরণসহ নানা ধরনের অভিযোগ এনে পরিষদের ১২ জন সদস্যর মধ্যে ১০ জন সদস্য ১২ ফেব্রুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ বর্জন করে আসছেন। এ ছাড়া তাঁরা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকারের বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগ তদন্ত করে বিচারের দাবি করে ইউএনও মুহাম্মদ ইব্রাহীমের কাছে আজ মঙ্গলবার দুপুরে লিখিত অভিযোগ দিয়েছেন।
গোপালনগর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, ‘আমার ওয়ার্ডের জন্য ৩১টি ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে আমার মাধ্যমে মাত্র তিনটি কার্ড বিতরণ করা হয়েছে। বাকি কার্ডগুলো চেয়ারম্যান নিজ হাতে টাকার বিনিময়ে বিতরণ করেছেন।’
২ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান বলেন, ‘আমার ওয়ার্ডের ১১টি কার্ডের মধ্যের ১০টি কার্ড চেয়ারম্যান অর্থের মাধ্যমে তালিকা করে বিতরণ করেছে। আমি মাত্র একটি কার্ড বিতরণ করেছি।’
গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার বলেন, ‘ইউনিয়ন পরিষদের সদস্যরা দুস্থ ব্যক্তিদের কাছ থেকে অর্থের বিনিময় ভিজিডি কার্ডের তালিকা করে আমার কাছে জমা দেন। আমি বিষয়টি জানতে পেরে তদন্ত করে প্রমাণ পাওয়ায় সব নামের তালিকা বাতিল করেছি। পরে আমি নিজের হাতে তালিকা তৈরি করে কার্ড বিতরণ করেছি। তাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ ও পরিষদ বর্জনের ঘোষণা দিয়েছেন।’
ধুনটের ইউএনও মুহাম্মদ ইব্রাহীম বলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থের বিনিময় ভিজিডি কার্ড বিতরণসহ নানা অভিযোগে ইউপি সদস্যদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রমাণিত হলে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ বর্জনের ঘোষণা আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে।’