ধুনটে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে রোববার বিকেল পাঁচটায় পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। দলীয় সূত্রে জানা যায়, বগুড়া জেলা ছাত্রদলের ঘোষণা অনুযায়ী মোহাম্মদ আলী সভাপতি, আবু তালহা শামীম খান সাধারণ সম্পাদক ও শাহাদৎ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা এবং আবদুল মান্নান সভাপতি, নিয়ামুল আলম তালুকদার সাধারণ সম্পাদক ও সুমনকে সাংগঠনিক সম্পাদক করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে স্থানীয় একটি পত্রিকায় ওই কমিটির নেতাদের নাম প্রকাশ করা হয়। ওই কমিটিতে স্থান না পাওয়ায় ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিকেল পাঁচটায় পদবঞ্চিত ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। সমাবেশে ধুনট ডিগ্রি কলেজ শাখার সভাপতি মাহবুবুল হক, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মিনহাজ উদ্দিন; সদস্য রাজীব উদ্দিন, সম্রাট হোসেন প্রমুখ নেতৃরা বক্তব্য দেন। বক্তারা বলেন, আগামী পাঁচ দিনের মধ্যে ওই কমিটি বাতিল না করা হলে নেতারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন।