ধুনটে ছাত্রলীগ-আ.লীগের পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় সরকারি প্রকল্পের টাকা দিয়ে আওয়ামী লীগের নেতা মোস্তাফিজার রহমান মোটরসাইকেল কিনেছেন বলে ছাত্রলীগের নেতা-কর্মীরা অভিযোগ করেছেন।
তবে এই অভিযোগ অস্বীকার করে ওই আওয়ামী লীগ নেতা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও তাঁকে মারধরের পাল্টা অভিযোগ করে থানায় মামলা করেছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ চলছে।
ধুনট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান বলেন, ‘ছাত্রলীগের কয়েকজন ক্যাডার আমার কাছে স্থানীয় সরকার সহায়তা কর্মসূচি (এলজিএসপি) প্রকল্পের টাকার ভাগ চান। আমি দিতে অস্বীকার করায় তাঁরা আমাকে মারধর করেছেন। আমি তাঁদের বিরুদ্ধে মামলা করায় তাঁরা আমাকে হত্যার হুমকি দিচ্ছেন। এলজিএসপির টাকায় নয়, আমি আমার ব্যক্তিগত টাকা দিয়ে মোটরসাইকেল কিনেছি।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বলেন, ‘ইউপি সদস্য হিসেবে নয়, আওয়ামী লীগের নেতা হিসেবে মোস্তাফিজার রহমান দুই লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ পেয়েছেন। সেই টাকায় প্রকল্পের কাজ না করে তিনি মোটরসাইকেল কিনেছেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা দলীয় কাজের জন্য সেই টাকা থেকে কিছু চাইতেই পারেন। সেটাকে চাঁদাবাজি বলে তিনি ছাত্রলীগের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করতে পারেন না। এর পরও তিনি বিএনপি নেতাদের নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে ধুনট সদর ইউনিয়নে এলজিএসপি প্রকল্পের আওতায় প্রায় ১২ লাখ ৬২ হাজার টাকা বরাদ্দ আসে। ৩০ জুনের মধ্যে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করার কথা। এর মধ্যে মোস্তাফিজার রহমানকে ল্যাপটপ ও নলকূপ কেনার জন্য দুই লাখ ৯১ হাজার টাকার দুটি প্রকল্প বরাদ্দ দেওয়া হয়। পরিষদের অন্য সদস্যদের ৬০ থেকে ৮০ হাজার করে বাকি টাকা বরাদ্দ দেওয়া হয়।
২৬ জুন ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করে ইউপি চেয়ারম্যান এস এম মাসুদ রানা সদস্যদের মধ্যে বণ্টন করেন। ওই দিনই মোস্তাফিজার রহমান চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে জয়পুরহাট থেকে একটি মোটরসাইকেল কেনেন।
এস এম মাসুদ রানা বলেন, ‘মোস্তাফিজার রহমানকে আওয়ামী লীগের নেতা হিসেবে অতিরিক্ত একটি প্রকল্পে দুই লাখ টাকা বেশি দেওয়া হয়েছে। টাকা উত্তোলন করে তিনি এখনো প্রকল্পের কাজ করেননি। তবে কোন টাকা দিয়ে আমার সঙ্গে গিয়ে মোটরসাইকেল কিনেছেন, তা আমার জানা নেই।’
জানা যায়, ছাত্রলীগের নেতা-কর্মীরা ২৭ জুন ওই নেতার কাছে সংগঠনের খরচ বাবদ কিছু টাকা চান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে তাঁদের গালিগালাজ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্রলীগের কয়েকজন ওই দিন সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে মোস্তাফিজার রহমানকে মারধর করেন। এ সময় আওয়ামী লীগ নেতার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ওই রাতেই তিনি ছাত্রলীগের ছয় নেতার বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ আবদুল কাইয়ুম, স্বপন ও রফিক নামে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তিন দিন পর তাঁরা জামিনে মুক্তি পান।