বগুড়ার ধুনট উপজেলায় ফুটবল খেলার চাঁদার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছাত্রলীগের নেতারা আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভান্ডারবাজার এলাকায় গত সোমবার এ ঘটনা ঘটে।
আহত নেতার নাম হাবিবুর রহমান (৪২)। তিনি ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর উপজেলা ভান্ডারবাড়ী ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে তছির উদ্দীন তালুকদার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা হয়। এই খেলা আয়োজনের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা বিভিন্ন প্রতিষ্ঠান ও লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করেন। পরে চাঁদার দুই হাজার টাকা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানের কাছে জমা রাখা হয়।
সোমবার দুপুরে হাবিবুর এই টাকা ছাত্রলীগের নেতাদের না দিয়ে ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের কাছে জমা দেন। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সদস্য আবদুর রাজ্জাকসহ কয়েকজন ভান্ডারবাজার এলাকায় হাবিবুর রহমানকে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় হাবিবুর সোমবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ছাত্রলীগ নেতা আবদুর রাজ্জাক বলেন, ফুটবল খেলা আয়োজনের জন্য আদায় করা চাঁদার টাকা হাবিবুরের কাছে জমা রাখা হয়েছিল। এই টাকা চাইতে গেলে হাবিবুর তাঁদের গালিগালাজ করেন। এ কারণে তাঁর সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, হাবিবুরের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।