ধুনটে ছাত্রলীগের সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
বগুড়ার ধুনটে ছাত্রলীগের সভাপতির বাড়ির গোয়ালঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টায় দুর্বৃত্তরা উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ আলমের ভূতবাড়ী গ্রামের বাড়িতে আগুন দিয়ে গোয়ালঘর পুড়িয়ে দিয়েছে। এতে ঘরে বাঁধা ৫০ হাজার টাকা দামের একটি গাভি দগ্ধ হয়েছে। এ ঘটনায় শাহ আলম বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু অভিযোগে কারও নাম উল্লেখ করা হয়নি।এ ব্যাপারে শাহ আলম জানান, কয়েক দিন ধরে হরতালের নামে সারা দেশে জামায়াত-শিবিরের জ্বালাও-পোড়াও রাজনীতিতে অনেক স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। তারই অংশ হিসেবে তাঁর বাড়িতেও এ ধরনের নাশকতা চালানো হয়েছে বলে ধারণা করছেন তিনি। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অভিযোগ তদন্ত করে সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।