ধুনটে ছাপরা ঘরে ঝুঁকি নিয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার পুকুরিয়া রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দুই মাস ধরে ঝুঁকি নিয়ে ছাপরাঘরে পড়াশোনা করতে হচ্ছে। মেঘ দেখলেই তাদের ছুটে যেতে হয় নিরাপদ আশ্রয়ে। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, যমুনা নদীর পশ্চিম পাশেই ভাণ্ডারবাড়ী ইউনিয়নের পুকুরিয়া গ্রাম। ১৯৭০ সালে এই গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে চারজন শিক্ষক ও ১৮৫ জন ছাত্রছাত্রী। ১৯৯৬ সালে বিদ্যালয়ের তিন কক্ষবিশিষ্ট একটি পাকা ভবন তৈরি করা হয়। ২০০৮ সালে বিদ্যালয়ের একটি দোতলা ভবন নির্মাণের জন্য ৩১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ঠিকাদার ২৩ এপ্রিল বিদ্যালয়ের পুরোনো ভবনের পাশে দোতলা ভবনের কাজ শুরু করে। ওই সময় বিদ্যালয় থেকে যমুনা নদীর দূরত্ব ছিল প্রায় এক কিলোমিটার। দফায় দফায় নদীভাঙনের ফলে প্রায় সাত মাস আগে নদী নির্মাণাধীন ভবনের কাছে চলে আসে। এ অবস্থায় উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্তে নির্মাণাধীন ভবনসহ বিদ্যালয়ের দুটি ভবনই ভেঙে ফেলায় চার মাস ধরে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। বিদ্যালয় সূত্র জানায়, চার মাস আগে ভবন দুটি ভেঙে ফেলার পর প্রথম দুই মাস খোলা আকাশের নিচে পাঠদান চলছে। এরপর পুকুরিয়া গ্রামের ঈদগার পাশে একটি ছাপরাঘর নির্মাণ করা হয়। শিক্ষকেরা সেখানেই শিক্ষার্থীদের পাঠদান করছেন। মেঘ দেখলেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা নিরাপদ আশ্রয়ে চলে যান। বিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল মমিন ও নাজমা খাতুন জানায়, ‘স্কুল ঘর ভাইঙা ফালাইছে। এ কারণে আমরা ছাপরা ঘরে বসে লেহাপড়া করছি। তবে এহানে লেহাপড়ায় মন বসে না। ম্যাগ (মেঘ) দেহেই ভয় হয়। তাই ছুটে যাই মাইনষের বাড়িতে।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বলেন, গত চার মাস আগে বিদ্যালয়টি ভেঙে ফেলা হয়েছে। বিদ্যালয়ের জন্য অন্যত্র জায়গা কেনা হয়েছে। সেখানে নতুন ঘর তোলার প্রস্তুতিও চলছে। কিন্তু টাকা না থাকায় বিদ্যালয়ের ঘর তুলতে পারছি না। নতুন ঘর তৈরি না হওয়া পর্যন্ত ছাপরা ঘরেই ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রীদের পাঠদান করতে হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নতুন করে ঘর তৈরি না হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। পাঠদানও ব্যাহত হচ্ছে।