ধুনটে ছেলের লাঠির আঘাতে মা নিহত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় দুই ছেলের মধ্যে মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত নারীর নাম ছানোয়ারা খাতুন (৪৭)। তিনি ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের মোকছেদ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ছানোয়ারা খাতুনের দুই ছেলে আনোয়ার হোসেন (২৪) ও জুয়েল রানা (১৬) পেশায় কৃষিশ্রমিক। গতকাল সকাল নয়টার দিকে জুয়েল রানা তার শোয়ার ঘরে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজাতে থাকে। গানের শব্দে বিরক্ত হয়ে আনোয়ার হোসেন তাকে শব্দ কমাতে বলেন। এতে জুয়েল রানা ক্ষুব্ধ হয়ে আনোয়ার হোসেনকে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে দুই ভাই লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরিস্থিতি দেখে মা ছানোয়ারা খাতুন দুই ছেলের মাঝে দাঁড়িয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এ সময় আনোয়ার হোসেনের লাঠির আঘাতে মা ছানোয়ারা খাতুন আহত হন। তাঁকে আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান।
ঘটনার পর থেকে দুই ছেলে পলাতক থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলার প্রস্তুতি ও আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।