ধুনটে ছয় শতাধিক গরু খুরারোগে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে খুরারোগে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ছয় শতাধিক। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রতিষেধক সংকটের কারণ দেখিয়ে এই রোগটি প্রতিরোধের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর গরুর খুরারোগ ছড়িয়ে পড়ছে। এর মধ্যে চিকাশি, কলেরপাড়া, এলাঙ্গী ভান্ডারবাড়িসহ কয়েকটি ইউনিয়নে আক্রান্তের সংখ্যা বেশি। ওই রোগে আক্রান্ত হয়ে বানিয়াজান গ্রামের আরিফুল ইসলাম, শৈলমারী গ্রামের আজিজার রহমান, বৈশাখী চরের খলিলুর রহমান, আলমগীর হোসেন ও সুরগ্রামের লিয়াকত আলীর একটি করে গরু মারা গেছে। শৈলমারী গ্রামের কৃষক আজিজার রহমান বলেন, তিন দিন ধরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ঘুরে গরুর চিকিৎসা করাতে পারেননি। মঙ্গলবার সকালে ৩০ হাজার টাকা মূল্যের একটি গরু মারা গেছে। প্রাণিসম্পদ বিভাগের চিকাশি ইউনিয়নের দায়িত্বে থাকা চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, প্রতিষেধক না থাকায় তাঁরা খুরারোগের চিকিৎসা দিতে পারছেন না। এ কারণে কৃষকদের বাজার থেকে প্রতিষেধক কেনার পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, চাহিদার তুলনায় প্রতিষেধকের সরবরাহ কম থাকায় সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে প্রায় ১০ হাজার প্রতিষেধকের চাহিদা থাকলেও রয়েছে মাত্র ৩০০। বিষয়টি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানানো হয়েছে।