ধুনটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে।থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনারপুর গ্রামের আবেদ আলী ও আবদুল জলিল ফকিরের মধ্যে প্রায় চার বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই জমি নিয়ে আদালতে দুই পক্ষের মধ্যে মামলাও আছে। চলতি মৌসুমে বিবদমান জমিতে আবদুল জলিল ফকির বোরো ধান চাষ করেছেন। গত সোমবার আবেদ আলী লোকজন নিয়ে ওই জমিতে জোরপূর্বক লাল নিশান পুঁতে দখলের ঘোষণা দেন। এ অবস্থায় গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে জলিল ফকির লোকজন নিয়ে ওই জমিতে নিড়ানি দিতে যান। এ সময় আবেদ আলীর লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ৩০ মিনিট ধরে সংঘর্ষ চলে। সংঘর্ষে উভয় পক্ষই লাঠিসোঁটা ও দেশি অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষের সময় আবেদ আলীর লোকজনের ফালার আঘাতে আবদুল জলিল ফকিরের ছেলে আইয়ুব আলী (২৮) ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া সংঘর্ষে আবদুল জলিল ফকিরের স্ত্রী ডেফুলি খাতুন, ছেলে আবদুল মান্নান, আবদুল হান্নান, মেয়ে হাসিনা খাতুনসহ একই গ্রামের আবদুর রাজ্জাক, জাহিদুল ইসলাম, কামাল হোসেন, খোদা বকস আহত হন। এ ছাড়া প্রতিপক্ষের আবেদ আলী, জাহিদুল ইসলাম, সনিয়া খাতুন, ফরিদ উদ্দিন, সাবিনা ইয়াসমিন, রঞ্জু মিয়া আহত হন। আহত ব্যক্তিদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আইয়ুব আলীর বড় ভাই আবদুল মান্নানের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ধুনট সদর পাড়ার আবদুর রাজ্জাক, আনারপুর গ্রামের কামাল হোসেন, জাহিদুল ইসলাম, খোদা বকস, বাদশা মিয়া, রুকসানা খাতুনসহ সাতজনকে আটক করেছে।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজম্মেল হক জানান, জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।