ধুনটে জোড়া খুনের কথা স্বীকার করেছেন হাকিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটের নিমগাছী গ্রামের দুটি খুনের রহস্য উদ্ঘাটিত হয়েছে। পরকীয়ায় বাধা এবং সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় আবদুল হাকিম তাঁর বাবা হোসেন সাকিদারকে খুন করেন।আর বাবাকে হত্যার ঘটনায় অন্যদের ফাঁসাতে ছয় মাস পর চাচাতো ভাইয়ের ছেলে স্কুলছাত্র আবদুল আলিমকে খুন করেছেন। গত শনিবার সন্দেহভাজন হিসেবে আটক আবদুল হাকিম পুলিশের জিজ্ঞাসাবাদে এই দুটি হত্যার কথা স্বীকার করেছেন।আবদুল হাকিম জানান, বড় ভাই সোরাব আলীর স্ত্রী রত্না খাতুনের সঙ্গে তাঁর পরকীয়ার সম্পর্ক ছিল। একপর্যায়ে বাবা বিষয়টি জানতে পেরে তাঁকে মারধর করেন এবং সম্পত্তি সোরাব আলীর নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত নেন। এ কারণে গত ২১ মে রাতে তিনি বাবাকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করেন। এরপর বাবার খুনের ঘটনায় সোরাবসহ এলাকার সাতজনের নামে তিনি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত করে এজাহারভুক্ত আসামিদের মামলা থেকে অব্যাহতি দিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করেছে—এ খবর জেনে তিনি ওই সব আসামি এবং তাঁর বিরুদ্ধে যাঁরা সাক্ষ্য দিয়েছেন, তাঁদের ফাঁসাতে শুক্রবার রাতে স্কুলছাত্র আবদুল আলিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই করেন।