ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার সহায়তা পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার এক সপ্তাহে ধরে খোলা আকাশের নিচে জীবন যাপন করছে। গতকাল শুক্রবার পর্যন্ত তারা কোনো আর্থিক সহায়তা বা ত্রাণ পায়নি।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ১৮ মে রাত ১০টায় উপজেলার নিমগাছি, চিকাশি, কলেরপাড়া ও এলাঙ্গী ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে এ চার ইউনিয়নের ৩০টি গ্রামের দেড় হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ৩০০ দুস্থ পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। হাতে টাকা না থাকায় তারা ঘর মেরামত করতে পারেনি। এ কারণে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। ঝড়ে ওই দিন সাতবেকী গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজও ওই গ্রামে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। সাতবেকী গ্রামের বাদশা মিয়া জানান, ঝড়ে তাঁর বাড়িঘর ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া তিনটি ছাগল মারা গেছে। কিন্তু ঘর মেরামত করার সামর্থ্য নেই তাঁর। সরকারিভাবে তাঁকে কোনো সহায়তা করা হয়নি।চিকাশি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে ত্রাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পাঠানো হয়েছে।পল্লী বিদুৎ সমিতির ধুনট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শামছুল হক জানান, স্থানীয় এক ব্যক্তির ঘরের ওপর দিয়ে বিদ্যুতের তার নেওয়ার সময় বাধা দেওয়া হয়েছে। এ কারণে সংযোগ দিতে দেরি হচ্ছে। আগামীকালের মধ্যে ওই গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হবে।ইউএনও হাফিজুর রহমান বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা জমা দিতে দেরি করায় ত্রাণ দেওয়া সম্ভব হয়নি। তবে দ্রুত সরকারিভাবে সহায়তা দেওয়া হবে।