ধুনটে টিআরের ১৩০ টন চাল ফেরত যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে না পারায় ১৩০ টন চাল ফেরত যাচ্ছে। অভিযোগ উঠেছে, দলীয় নেতা-কর্মীরা সময়মতো তালিকা জমা দিতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে এই প্রকল্পের আওতায় মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট উন্নয়নে বাধা হয়ে পড়েছে।ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে টিআর দ্বিতীয় পর্যায়ে সাধারণ কর্মসূচির আওতায় বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমানের অনুকূলে ধুনটে ১৩০ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এই চাল একটি পৌরসভা, আটটি ইউনিয়নের মধ্যে ভাগ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা উন্নয়নের জন্য তালিকা তৈরি করতে বলা হয়। তালিকা তৈরি করে তা বাস্তবায়নয়ের জন্য ১৫ মার্চ ছিল শেষ সময়। তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয় সরকারদলীয় নেতা-কর্মীদের ওপর। কিন্তু দলীয় নেতা-কর্মীরা এসব প্রকল্প তৈরি করতে বিলম্ব করেন। ফলে সময়মতো তালিকা তৈরি করে জমা দিতে পারেননি। এ কারণে বরাদ্দ ফেরত যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে তালিকা তৈরির কাজে নিয়োজিত দলীয় নেতা-কর্মীরা জানান, টিআর প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য এর আগে অনেকবার তারিখ পবির্তন করা হয়েছে। এ কারণে এবার তালিকা তৈরি করতে দেরি করা হয়েছে। তবে সমস্যা নেই। সাংসদ বিশেষভাবে মন্ত্রণালয়ে তদবির করে সময় বৃদ্ধি করতে চেয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহেল কাফি জানান, মন্ত্রণালয়ে চিঠি দিয়ে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি জানান, আবেদন মঞ্জুর না হলে প্রকল্পের কাজ করা সম্ভব হবে না।